ওয়েলিংটনে বাংলাদেশ
ওয়েলিংটনে বাংলাদেশ দলকে কাল স্বাগত জানিয়েছে কনকনে ঠান্ডা বাতাস। অবশ্য দলে একটা গুমোট বাতাস বইছে ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডের পর থেকেই। ক্রাইস্টচার্চ থেকে নেলসন, নেপিয়ার, তাউরাঙ্গা—শহর বদলেছে কিন্তু গুমোট ভাবটা কাটেনি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে টানা হারে তা কাটবে কী করে?
ওয়েলিংটনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। আগামী পরশু বেসিন রিজার্ভে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবেন মুশফিকরা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কন্ডিশন বড় বাধা হয়নি বাংলাদেশের। কিন্তু টেস্টে যে কন্ডিশন এক হবে না, সেটি তো সাকিব আল হাসান আগেই বলে দিয়েছেন।
তাউরাঙ্গা থেকে ভাড়া করা বিমানে কাল বাংলাদেশ ওয়েলিংটনে পৌঁছেছে সকালে। দল উঠেছে রিজেস হোটেলে। খেলোয়াড়েরা নিজেদের মতো করেই সময় কাটিয়েছেন। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে শুধু স্পিনারদের নিয়ে একটা বৈঠক করেছেন। আজ স্থানীয় সময় সকাল ১০টায় বেসিন রিজার্ভে অনুশীলনে নামবেন সাকিব-তামিমরা। সুন্দর এই মাঠে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুখকর নয়, দুই টেস্টের দুটিতেই হার। তা-ও আবার ইনিংস ব্যবধানে।
এবার ওয়েলিংটন থেকে কি স্বস্তিতে ফিরতে পারবে বাংলাদেশ?