ওয়েস্ট ইন্ডিজ চাপে নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সংবাদ সম্মেলনে ক্রেগ ব্রাফেট। ছবি: প্রথম আলো
আজ সংবাদ সম্মেলনে ক্রেগ ব্রাফেট। ছবি: প্রথম আলো
>১-০ ব্যবধানে পিছিয়ে। ধবলধোলাইয়ের সামনে দাঁড়িয়ে। তবুও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আত্মবিশ্বাসী। বলছেন, তাঁরা চাপে নেই!

মিরপুর টেস্টে হারলেই ধবলধোলাই! ধবলধোলাইয়ের সামনে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ অবশ্য মনোবল হারাচ্ছে না। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা উইন্ডিজ বলছে তারা চাপে নেই।

ক্যারিবীয়রা বাংলাদেশের কাছে প্রথম ধবল ধোলাই হয়েছিল ২০০৯ সালে, নিজেদের মাটিতেই। তবে ওয়েস্ট ইন্ডিজের সেই দলটা পূর্ণ শক্তির ছিল না। এবার আর সেটি অবশ্য বলার সুযোগ নেই। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। পিছিয়ে থাকার পরও ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্রাফেট বলছেন, তাঁরা চাপে নেই, ‘আমরা চাপে নেই। আমরা জানি, আমাদের কী করতে হবে। যেহেতু পিছিয়ে আছি, আমাদের লক্ষ্য সিরিজ ড্রয়ে। দলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে জুটি গড়ে তুলতে হবে। এটিই আমাদের টেস্টটা জিততে সহায়তা করবে।’ ক্যারিবীয় অধিনায়ক এও বললেন, বাংলাদেশের কাছে হারের পরও তাঁরা হতোদ্যম নন, ‘আমরা আত্মবিশ্বাসী। আমাদের খেলোয়াড়েরা সব সময়ই ঘুরে দাঁড়াতে পারে। মাঠে নেমে আমাদের পরিকল্পনায় অটুট থাকতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে।’

গত জুলাইয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছিল। এবার নিজেদের মাঠে তারা সেটির বদলা নিতে চায়। উইন্ডিজ অধিনায়ক অবশ্য বলছেন, বাংলাদেশের আশা যেন পূরণ না হয়, সেটির সর্বোচ্চ চেষ্টাই করবেন তাঁরা।

চট্টগ্রামে মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্ট শুরুর আগের দিন ব্রাফেট বললেন, জেতার জন্য করণীয়টুকু তারা জানেন। চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে ২০টি উইকেটই স্পিনারদের কাছে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে স্পিন সামলাতে দলীয় পরিকল্পনা যেমন আছে, তেমনি ব্যাটসম্যানদের নিজস্ব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চান ক্যারিবিয়ান অধিনায়ক, ‘গত টেস্টে আমার মনে হয় প্রথম ইনিংসে ওদের ৪০-৫০ রান বেশি দিয়েছি। চারটা ক্যাচ ছেড়েছি। এই জায়গাগুলোয় যদি উন্নতি করতে পারি আর শীর্ষ পাঁচ ব্যাটসম্যান যদি রান পায় ও প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায় তাহলে আমাদের পক্ষে সিরিজ ড্র করা সম্ভব।’