ওয়েস্ট ইন্ডিজ মানেই বাংলাদেশের সুখস্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুরন্ত মাশরাফি। ছবি: ক্রিকইনফো।
২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুরন্ত মাশরাফি। ছবি: ক্রিকইনফো।

বিদেশের মাটিতে বিজয়ের উচ্ছ্বাসে একে অন্যকে আলিঙ্গন, হাই ফাইভ—এসব দৃশ্য কালেভদ্রেই দেখা মেলে বাংলাদেশ ক্রিকেট দলের। মিললেও অধিকাংশই অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর মাঠে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য ব্যতিক্রম ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ গিয়েছে চারবার—২০০৪, ২০০৭ বিশ্বকাপ, ২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপ বাদে পূর্ণাঙ্গ সফর মাত্র দুবার। ২০০৭ বিশ্বকাপ তো বটেই, দুই সফরে জন্ম হয়েছে বহু হিরণ্ময় স্মৃতি।

২০০৪
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রথম সফর। সেন্ট লুসিয়ায় সিরিজের প্রথম টেস্টেই তাক লাগিয়ে দিল হাবিবুল বাশারের দল। অধিনায়ক নেতৃত্ব দিলেন সামনে থেকেই। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ওই সময়ের বাংলাদেশের সর্বোচ্চ ৪১৬ করল। ১১৩ করলেন হাবিবুল। সেঞ্চুরি করে চমক লাগিয়ে দিয়েছিলেন ৯ নম্বরে নামা মোহাম্মদ রফিক। ৩৩ টেস্ট খেলা রফিকের ওটা শেষ সেঞ্চুরিও।

২০০৯ সফরে নিয়মিত অধিনায়ক মাশরাফি মাত্র ৬.৩ ওভার বল করে হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়লেন। ছবি: এএফপি
২০০৯ সফরে নিয়মিত অধিনায়ক মাশরাফি মাত্র ৬.৩ ওভার বল করে হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়লেন। ছবি: এএফপি



দ্বিতীয় ইনিংসে ঝলক দেখালেন আট নম্বরে নামা খালেদ মাসুদ। তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ও একমাত্র টেস্ট সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ইনিংস ঘোষণা করেছিলেন বাংলাদেশের কোনো অধিনায়ক। শেষমেশ ম্যাচ ড্র। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ড্র, প্রকৃতির সাহায্য ছাড়াই প্রথম ড্র—যে ড্র জয়েরই সমান। এ ছাড়া প্রথমবারের মতো এক টেস্টে বাংলাদেশের তিন ব্যাটসম্যান করলেন সেঞ্চুরি। এর আগে ২৮ টেস্টে বাংলাদেশের সেঞ্চুরি ছিল ৫টি। টেস্ট ক্রিকেটে দেশের বাইরে মাথা উঁচু করে মাঠ ছাড়া, সেটাই প্রথম। অনেক প্রথমের জন্ম হলো সেন্ট লুসিয়ায়।

কিংসটনে পরের টেস্টে অবশ্য ইনিংস ও ৯৯ রানে হার। ১-০ ব্যবধানে সিরিজ হারলেও প্রাপ্তিও ছিল ঢের। শিবনারায়ণ চন্দরপল, ব্রায়ান লারা, ক্রিস গেইলকে ছাড়িয়ে সিরিজে ২৩৫ রান করে দ্বিতীয় অবস্থানে ছিলেন হাবিবুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেবার বাংলাদেশকে নতুনভাবে চিনেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও বাংলাদেশ হারে প্রতিদ্বন্দ্বিতা করেই। সিরিজের প্রথম ম্যাচে ৫০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করেছিল বাংলাদেশ। ১৪৫ রান করতেই ৯ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও হারে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে দারুণ খেলেছিলেন তাপস বৈশ্য ও প্রয়াত মানজারুল ইসলাম।

২০০৭ বিশ্বকাপ
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এ বিশ্বকাপে রয়েছে বাংলাদেশের সুখজাগানিয়া কিছু স্মৃতি। পোর্ট অব স্পেনে ভারতকে ৫ উইকেট হারানো, গায়ানায় সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রানের জয়—দারুণ চমক দেখিয়েছিল বাংলাদেশ! ভারতকে হারানোর সে স্মৃতি আজও দোলা দেয় অধিনায়ক হাবিবুলকে। বলেছেন, ‘বিশ্বকাপে ভারতকে হারানোর পর তো ওখানে আমরা বীরের মর্যাদা পাচ্ছিলাম। রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম আমরা, যেখানেই যাচ্ছিলাম, আলাদা যত্ন পাচ্ছিলাম।’

২০০৯ সফরে ডিজিসেল ওয়ানডে সিরিজ ট্রফি হাতে সাকিব আল হাসান। ছবি: এএফপি
২০০৯ সফরে ডিজিসেল ওয়ানডে সিরিজ ট্রফি হাতে সাকিব আল হাসান। ছবি: এএফপি

২০০৯
এ সিরিজটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা বিদেশ সফরই বলতে হবে। সিরিজের শুরুতেই ওয়েস্ট ইন্ডিয়ান বোর্ডের সঙ্গে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের তুমুল বিরোধ। অধিনায়ক ক্রিস গেইলসহ দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় নিজেদের প্রত্যাহার করে নিলেন সিরিজ থেকে। সিরিজটা হবে কি না, তা নিয়েও ছিল সংশয়! শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াল। তবে প্রথম টেস্টে বাংলাদেশ দলও পেল এক দুঃসংবাদ। নিয়মিত অধিনায়ক মাশরাফি মাত্র ৬.৩ ওভার বল করে হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়লেন। অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো সাকিব আল হাসানকে।

এরপর ইতিহাস সৃষ্টিকারী সিরিজটা হয়ে থাকল সাকিবময়। বাঁ-হাতি অলারাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো টেস্টে কোনো দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ব্যাট হাতে ১৫৯ ও বল হাতে ১৩ উইকেট নিয়ে সিরিজ-সেরা সাকিবই। টেস্ট তো বটেই, ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজটাও সাকিবময়।

সিরিজের সব পুরস্কার এসেছিল বাংলাদেশের ঘরে। পুরস্কার বলতে স্পনসর ডিজিসেলের সৌজন্যে একটা করে ব্ল্যাকবেরি। ওই সময় বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম রসিকতা করে দারুণ এক মন্তব্য করেছিলেন, ‘ঢাকায় গিয়ে ব্ল্যাকবেরির একটা শো রুম দেওয়া যাবে!’
বাংলাদেশ হেরেছিল কেবল সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।

পাঁচ বছর পরে আবার আরেকটি ক্যারিবিয়ান সফর। ২০০৯-এর নায়ক সাকিব এবার দলের সঙ্গে নেই। দলে এসেছেন নতুন কয়েকজন সদস্য। পরিসংখ্যান-রেকর্ড বাংলাদেশকে পিছিয়ে রাখছে না কিছুতেই। এখন মাঠে মুশফিকুর রহিমের দল পুরোনো সুখস্মৃতিগুলো ফিরিয়ে আনতে পারবে কি না, সেটিই দেখার।