বাবা হওয়ার পর বাউন্সারে ভয় করতেন গাভাস্কার
প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে ভারতে চলে গেছেন বিরাট কোহলি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলেই উড়াল দিয়েছেন ভারত অধিনায়ক।
এ নিয়ে ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাধারণ সমর্থকদের অনেকেই পক্ষে-বিপক্ষে কথা বলেছেন। কেউ কেউ সমালোচনার তীক্ষ্ণ তির ছুড়েছেন কোহলিকে উদ্দেশ করে। অনেকে আবার তাঁর সিদ্ধান্তের প্রশংসাও করেছেন।
সমালোচকদের কথা, ব্যক্তিজীবনের চেয়ে দেশের কাজে এগিয়ে আসাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিৎ। অ্যাডিলেডে ভারত ৮ উইকেটে হেরে টেস্ট সিরিজ শুরুর পর কোহলির এভাবে চলে যাওয়া উচিৎ হয়নি বলেই মনে করেন তাঁরা।
আর যাঁরা কোহলির প্রশংসা করেছেন, তাঁদের যুক্তিটা এ রকম—ব্যক্তি ও পারিবারিক জীবনকে তো মূল্য দিতেই হবে।
ভারতের সাবেক ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় বিষয়টি নিয়ে সমালোচনা করনেনি, আবার তিনি কোহলির প্রশংসাও করেননি। পারিবারিক জীবনের এই সব আবেগের মুহূর্তে আসলে একজন মানুষের মনের মধ্যে কী ঘটে, গায়কোয়াড় সেটা বোঝাতে শুধু একটা উদাহরণ দিয়েছেন।
উদাহরণটি ১৯৭৬ সালে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের। সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কারের জন্ম হয়েছিল সেই সিরিজ চলাকালে। রোহনের জন্মের পর জ্যামাইকা টেস্টে গাভাস্কার নাকি ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বাউন্সার খেলতে চাননি। চোটে পড়া নিয়ে ভয় পেয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।
১৯৭৬ সালের সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা যেন বাউন্সারের পসরা সাজিয়ে বসেছিলেন। আর সেই সময় ওভারে একজন বোলার কয়টা করে বাউন্সার দেবেন, তার কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। এক ওভারে যত খুশি তত বাউন্সার দিতে পারতেন বোলাররা।
বাউন্সার এর আগেও অনেক সামলেছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান গাভাস্কার। কিন্তু রোহন গাভাস্কারের জন্মের পর, কী করে যেন মানসিভাবে একটু দুর্বল হয়ে পড়েছিলেন তিনি!
সেই সময় মনে করে অংশুমান গায়কোয়াড় বলেছেন, ১৯৭৬ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে জ্যামাইকা টেস্টে সত্যিকার অর্থেই রক্ত ঝরেছে। সুনীল বোলারদের বাউন্সার আর বিমার নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগ করেছিলেন।
আম্পায়াররা শুধু হেসেছিলেন। এরপর যা হয়েছে সেটা যেন কল্পনাও করতে পারেননি গায়কোয়াড়, ‘সুনীল মেজাজ হারিয়ে ফেলেন। মাঠে বা ব্যাটিং করার সময় সুনীলকে সেবারই প্রথম আমি মেজাজ হারাতে দেখেছি। তিনি হাত থেকে গ্লাভস আর ব্যাট ছুড়ে ফেলে দিয়ে হাঁটতে শুরু করেন।’
গাভাস্কারের এভাবে খেপে যাওয়ার কারণটা এরপরই জানতে পারেন গায়কোয়াড়, ‘আমি তাঁকে বললাম, ‘‘সানি, শান্ত হও। কী হয়েছে?’’ এর উত্তরে তিনি বলেছিলেন, ‘‘আমি এখানে মরতে আসিনি। আমি বাড়ি যেতে চাই আর আমার সদ্যোজাত ছেলের মুখ দেখতে চাই।’’ সে সময় আর এ সময়ের পার্থক্য এখানেই।’
কোহলির সমালোচনা করেননি বা কোহলির সিদ্ধান্ত ঠিক আছে বলেও যুক্তি দেখাননি অংশুমান গায়কোয়াড়।
তবে এসব ক্ষেত্রে অযথা কারও সমালোচনা করার পক্ষে নন তিনি, ‘এটা যাঁর ব্যাপার, তাঁর ওপরই নির্ভর করে। আপনি কারও আবেগকে আঘাত করতে পারেন না। কেউ যদি মনে করে (সন্তানের জন্মের সময়) সেখানে তাঁর থাকতে হবে, এ নিয়ে কোনো প্রশ্নই ওঠা উচিৎ নয়। তা হোক সেটা টেস্ট বা ওয়ানডে সিরিজ অথবা বিশ্বকাপের সময়।’