কার্লোস ব্রাথওয়াইট বেজায় ক্ষুব্ধ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক ব্রাথওয়াইটের ক্ষোভ ইংলিশ অধিনায়ক জো রুটের ওপর। ক্ষোভের কারণ, কেন রুট অ্যান্টিগা টেস্ট ড্র হতে যাচ্ছে বুঝেও দিনের একেবারে শেষ পর্যন্ত খেলাটা চালিয়ে গেলেন।
টেস্ট ম্যাচের শেষ দিন সাধারণত এমনটা হয়। ম্যাচ নিশ্চিতভাবে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে দেখে অনেক সময় ফিল্ডিং দলের অধিনায়ক প্রতিপক্ষের দুই ব্যাটসম্যানের সঙ্গে করমর্দন করে ড্র মেনে নেন। কিন্তু কাল অ্যান্টিগায় টেস্টে তেমনটি দেখা যায়নি।
২৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ইংলিশদের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এনক্রুমা বোনার আর জেসন হোল্ডার প্রতিরোধ গড়ে সে সম্ভাবনা শেষ করে দেন। এখন ব্রাথওয়াইট খেপেছেন, কেন রুট টেস্ট ড্র হচ্ছে জেনেও খেলাটিকে শেষ পর্যন্ত টানলেন।
দিনের পাঁচ বল বাকি থাকতে রুট টেস্টটি ড্র হয়েছে মেনে নেন, সেটি তিনি আগেই করতে পারতেন। এর মাধ্যমে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলকে একধরনের ‘অসম্মান’ করেছেন বলেই মনে করেন ব্রাথওয়াইট।
বিটি স্পোর্টসকে ব্রাথওয়াইট বলেন, ‘আমি যদি ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে থাকতাম, তাহলে ব্যাপারটিকে আমার কাছে কিছুটা অসম্মানজনক মনে হতো। দিনের শেষ ঘণ্টায় দুই ক্যারিবীয় ব্যাটসম্যান উইকেটে সেট, পিচ থেকেও তেমন কোনো সাহায্য আসছে না, তখনো ইংল্যান্ড ভাবছিল তারা দ্রুতই শেষ ৬ উইকেট ফেলে দিতে পারবে। আর সেই ভাবনা থেকেই তারা খেলাটি ড্র মেনে নিল, যখন দিনের আর মাত্র ৫ বল বাকি আছে!’
ব্রাথওয়াইটের ক্ষোভের জায়গাটা আরও গভীরে, ‘ইংল্যান্ড কি এমনটা অ্যাশেজে করতে পারত! তারা কি এটি নিউজিল্যান্ড, ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে করত? আমার মনে হয় উত্তরটা হবে “না”। তাহলে কেন তারা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এটি করবে?’
সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক রামপ্রকাশও মনে করেন, রুট আগেই ড্র মেনে নিতে পারতেন। এতে ইংল্যান্ডের বোলাররা বিশ্রাম পেতেন, ‘আমার কাছে ব্যাপারটি একটু অদ্ভুত লেগেছে। খুব সম্ভবত এ ধরনের মানসিকতা নিয়েই তারা ওয়েস্ট ইন্ডিজে এসেছে—যেকোনোভাবে জয়ের চেষ্টা করা। আমার মতে রুট একটি বেশিই করে ফেলেছে।’