ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে মাঠ ছাড়ল পাকিস্তান

টানা দুই বলে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেন মোহাম্মদ আব্বাসছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের প্রথম দিনে টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রতিপক্ষকে ২১৭ রানে অলআউট করলে সন্তুষ্ট হয়ে মাঠ ছাড়াই স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজ কি একটু বেশিই সন্তুষ্টি নিয়ে মাঠ ছেড়েছিল? ব্যাটিংয়ে কি সে কারণে মনঃসংযোগটা ছিল না?

কিংস্টন টেস্টে প্রথম দিন শেষে এ প্রশ্নগুলো উঠতে পারে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে পাকিস্তান অলআউট হওয়ার পর মাত্র ৪ ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ আব্বাসের করা তৃতীয় ওভারে পরপর দুই বলে কাইরন পাওয়েল ও এনক্রুমা বোনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

কোনো রান করতে না পারা পাওয়েলকে দ্বিতীয় স্লিপে ক্যাচে পরিণত করেন আব্বাস। পরের বলে বোনারকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেন। রোস্টন চেজ ও ক্রেগ ব্রাফেট অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

ব্যাটিংয়ে ভালো করতে পারেনি পাকিস্তান
ছবি: এএফপি

আব্বাসের মতো ওয়েস্ট ইন্ডিজের পেসাররাও তাঁদের অধিনায়ক ক্রেগ ব্রাফেটের ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছেন। পাকিস্তানের ৯ উইকেট ভাগ করে নেন স্বাগতিক পেসাররা। ৭০ রানে ৩ উইকেট নেন জ্যাডেন সিয়েলস।

জেসন হোল্ডারও ৩ উইকেট নেন ২৬ রান খরচ করে। ৪৭ রানে ২ উইকেট কেমার রোচের। ১ উইকেট নেন কাইল মেয়ার্স। ৩১ রান তুলতে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান।

বৃষ্টির কারণে প্রথম সেশনে মাত্র ১৭ ওভারের খেলা হয়। ৩৪ রানে ২ উইকেট তুলে মধ্যাহ্নভোজনের বিরতিতে যায় পাকিস্তান।

দুই ওপেনার আবিদ আলী (৯) ও ইমরান বাটকে (১১) তুলে নেন রোচ ও সিয়েলস। মূলত দুটি জুটির ওপর ভর করে দুই শতাধিক রানের সংগ্রহ পায় পাকিস্তান।

ষষ্ঠ উইকেটে ফাওয়াদ আলমের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন ফাহিম আশরাফ। এর আগে তৃতীয় উইকেটে আজহার আলীর সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। ১১৭ বলে ৫৬ রান করেন ফাওয়াদ। ৪৪ রান এসেছে ফাহিমের ব্যাট থেকে। বাবর আউট হন ৩০ রান করে।