ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে দেখছেন ওয়ার্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড, ভারত আর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও খেলবে সেমিফাইনাল, মনে করেন ওয়ার্ন। সূত্র: এএফপি
ইংল্যান্ড, ভারত আর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও খেলবে সেমিফাইনাল, মনে করেন ওয়ার্ন। সূত্র: এএফপি
>অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মতে, বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হবেন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার।

বিশ্বকাপের দলগুলোকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে এরই মধ্যে নাকাল হয়ে পড়েছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। টানা দুই ম্যাচে তাঁর অনুমান ভুল প্রমাণিত হয়েছে। সাবেক অস্ট্রেলীয় স্পিনার শেন ওয়ার্ন অবশ্য সেই পথে হাঁটেননি। ভবিষ্যদ্বাণী করতে একেবারে খাতা-কলম নিয়ে বসে যাননি। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের আগে জানিয়েছেন তার চোখে সেমিফাইনাল খেলার মতো চারটি দলের নাম।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফেবারিট হিসেবে তিনটি দলের নাম ছিল সবার মুখে মুখে। শেন ওয়ার্নের চোখেও ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ফেবারিট। তবে তার সঙ্গে হোল্ডার-রাসেলদের ওয়েস্ট ইন্ডিজকে একেবারে ফেবারিট না বললেও অন্তত সেমিফাইনালে দেখছেন ওয়ার্ন। চিরশত্রু ইংল্যান্ডকে বিশ্বকাপ জিততে সবচেয়ে সমর্থ দল হিসেবে গণ্য করছেন, ‘ইংল্যান্ডকে এবার পরিষ্কার ফেবারিট মনে হচ্ছে, তাদের হারানো বেশ কঠিন হবে।’

ইংল্যান্ড বাদে সেমিফাইনালের অন্য তিন দলা কারা সে প্রশ্নের জবাবে ওয়ার্ন বলেন, ‘ভারত এবং অস্ট্রেলিয়া, এই দুটি দল ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারে। আর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও সেমিফাইনালে জায়গা করে নেবে। আমার মতে, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলবে।’ ভবিষ্যদ্বাণীটা অবশ্য ওয়ার্ন পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের আগে করেছিলেন। কালকের ম্যাচের পর মত পরিবর্তন করেছেন কি না সেটা জানা যায়নি।

পাকিস্তানকে একরকম উড়িয়ে দিয়ে নিজেদের বিশ্বকাপ ২০১৯ মিশন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ অবশ্য ওয়ার্নের ভবিষ্যদ্বাণীতে খুব একটা স্বস্তি পাচ্ছে না। পরের ম্যাচেই যে আরেক ফেবারিট ভারতের মুখোমুখি হবে তারা।

সেমিফাইনালে কোন চারটি দল জায়গা করে নেবে সেটি জানিয়েই অবশ্য ক্ষান্ত দেননি একদিনের ক্রিকেটে ২৯৩ উইকেটের মালিক ওয়ার্ন, জানিয়েছেন কোন চারজন ক্রিকেটারের রঙে রঙিন হবে বিশ্বকাপ। ওয়ার্ন এ ক্ষেত্রে শুরুতেই স্বদেশি একজনকে বেছে নিলেন, ‘ডেভিড ওয়ার্নারই বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হবে। অনেক কিছু প্রমাণ করার আছে তার এখনো, সেদিন আফগানিস্তানের বিপক্ষেও দারুণ খেলল সে।’ ওয়ার্নার ছাড়াও আরও কয়েকজনকে নিয়ে প্রশংসা ঝরল এই কিংবদন্তির মুখে, ‘প্যাট কামিন্স তার খেলাকে অন্য লেভেলে নিয়ে গেছে। বাটলারের ব্যাটিং দেখতে কে না পছন্দ করে? আর আন্দ্রে রাসেলের দিকেও চোখ রাখতেই হবে আপনাকে।’