ওয়েস্ট ইন্ডিজকে 'ধবল ধোলাই' পাকিস্তানের

প্রথম ম্যাচে ১৪৩ রানে হার। দ্বিতীয় ম্যাচে একটু ‘উন্নতি’। হারের ব্যবধান ৮২ রানের। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা যেন শেষ হলেই বাঁচত ওয়েস্ট ইন্ডিজ। এমন সিরিজের শেষটাও তারা করেছে বাজেভাবেই—৮ উইকেটে হেরে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে সংগ্রহটা মোটামুটি ভালোই করেছিল ক্যারিবীয়রা। ৬ উইকেটে ১৫৩, এই সিরিজে তাদের মানদণ্ডে বেশ ভালোই। কিন্তু তারপরেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি ফখর জামান, বাবর আজম ও হুসেইন তালাতের সৌজন্যে। ফখর করেন ১৭ বলে ৪০, বাবর ৪০ বলে ৫১, আর তালাত ২৮ বল ৩১ করে ম্যাচটা সহজেই নিজেদের দিকে টেনে আনেন। শেষ দিকে আসিফ আলী ১৬ বলে ২৫ করে পকিস্তানের জয় ত্বরান্বিত করেন।
ওয়েস্ট ইন্ডিজের ১৫৩ রানে সর্বোচ্চ এসেছে আন্দ্রে ফ্লেচারের ব্যাটে—৪৩ বলে ৫২। মারলন স্যামুয়েলস করেন ২৫ বলে ৩১। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দেড় শ পেরোয় দিনেশ রামদিনের ঝোড়ো ব্যাটিংয়ে। ১৮ বলে ৪২ করে অপরাজিত থাকেন তিনি। মারেন ৩টি ছক্কা ও চারটি চার।
পাকিস্তানের পক্ষে শাদাব খান ২৭ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট মোহাম্মদ নেওয়াজ, উসমান খান ও ফাহিম আশরাফের।