ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিচ্ছেন মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। ফ্র্যাঞ্চাইজি দলটির হয়ে খেলতে শিগগিরই দেশ ছাড়বেন তিনি। প্রথম আলোকে এই অলরাউন্ডার জানিয়েছেন, বিমান টিকিটের খোঁজ চলছে। টিকিট পেলেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন মাহমুদউল্লাহ। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছিল। সেই ম্যাচটিও হচ্ছে না। এই সময়ে সুযোগ এসেছে যখন, বসে না থেকে কাজে লাগাতে চাইছেন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন। বেশ কিছুক্ষণ সলাপরামর্শ করেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে। এর মধ্যেই খবর আসে, ওয়ালশের দেশে খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার।
সিপিএলের চলতি আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজ ত্রিনবাগো নাইট রাইডার্সে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দুজনেই ফিরে এসেছেন দেশে। সাকিবের দলে যোগ দিতে চলেছেন মাহমুদউল্লাহ। বিপিএল ছাড়া টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে কেবল পিএসএলে খেলেছেন। এবার নতুন অভিজ্ঞতা হবে তাঁর।
টিকিট পেলে মঙ্গলবার জ্যামাইকার উদ্দেশে রওনা দেবেন মাহমুদউল্লাহ। তাঁর দল ফাইনালে উঠতে পারলে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন।