ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ স্টুয়ার্ট ল

গত বছর সেপ্টেম্বরে ফিল সিমন্সকে বরখাস্ত করার পর থেকেই ফাঁকা ছিল পদটা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচ হিসেবে সেই পদে এবার স্টুয়ার্ট লকে নিয়োগ দিল দেশটির ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই বছরের জন্য ৪৮ বছর বয়সী সাবেক এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)।
জেমি সিডন্সের পদত্যাগের পর ২০১১ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ল। মাস দশেক পরেই পদত্যাগ করেছিলেন যদিও। তবে তাঁর অধীনেই ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর আরও দুইবার ফিরেছেন বাংলাদেশে। গত বছরের শুরুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এরপর বিপিএলের চতুর্থ আসরেও খুলনা টাইটানসের কোচ হিসেবে কাজ করেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে মাত্র একটি টেস্ট খেললেও কোচিংয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার লয়ের। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ড ও ব্রিসবেন হিটের কোচ হিসেবে কাজ করেছেন। ছিলেন অস্ট্রেলিয়া জাতীয় দলের পরামর্শকও।
ওয়েস্ট ইন্ডিজ দলের তৃতীয় অস্ট্রেলিয়ান কোচ হতে যাচ্ছেন ল। এর আগে দুই বছর দায়িত্ব পালন করে ২০০৭ বিশ্বকাপের পর বরখাস্ত হয়েছে বেনেট কিং। তাঁর পর জন ডাইসনও আবার দুই বছর দায়িত্ব পালন করে বরখাস্ত হয়েছেন ২০০৯ সালে। লয়ের সঙ্গে ডব্লুআইসিবির চুক্তিটা শেষ হচ্ছে ২০১৯ সালের ফেব্রুয়ারিতেই, ইংল্যান্ডে হতে যাওয়া পরের বিশ্বকাপের কিছুদিন আগে!
এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে সাহায্য করার কথাই বললেন স্টুয়ার্ট ল, ‘এমন একটি সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আমিও আশা করছি ওদের সঙ্গে সঙ্গে চমৎকার কিছু সময় কাটাতে পারব।’