ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন না ব্রাভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর ক্রিকেট খেলবেন না ব্রাভো। ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর ক্রিকেট খেলবেন না ব্রাভো। ফাইল ছবি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উল্লেখযোগ্য দৃশ্য কোনটি? ক্যারিবীয় ক্রিকেটারদের উদ্‌যাপন, বিশেষ করে ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে গেইল-স্যামুয়েলসদের নৃত্য। ফাইনালে কার্লোস ব্রাফেটের চার-ছক্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটা নিজেদের করে নিয়ে কী উদ্দাম-আনন্দেই না মেতেছিলেন ক্যারিবীয় ক্রিকেটাররা। কিন্তু উইন্ডিজের সাফল্যের সেই ‘থিম’ সংয়ের রচয়িতা ব্রাভোকে আর দেখা যাবে না মেরুন জার্সিতে। ওয়েস্ট ইন্ডিজ দলেই আর খেলবেন না বলে জানিয়েছেন ব্রাভো।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোর বড় তারকা তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেই ক্যারিয়ার লম্বা করতে চাইছেন ব্রাভো, ‘এই টুর্নামেন্টগুলো আমার জন্য ক্রিকেট খেলার সুযোগ। যত দিন খেলতে পারি, তাতেই আমি খুশি। কিন্তু আন্তর্জাতিক ম্যাচের কথা যদি বলি, আমাকে তো ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ দেওয়া হয়েছে।’
অভিমান থেকেই কি ক্যারিবীয়দের হয়ে ক্রিকেট খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ব্রাভো? ব্রাভোর কথায় কিন্তু তেমনটাই মনে হচ্ছে, ‘আমাকে যখন দল থেকে বাদ দেওয়া হয়, তখন আমি ফিট ছিলাম। আমার মনে হয় না এই ৩৪ বছর বয়সে আমার ফিরে আসার কোনো মানে থাকবে। আমার ভক্তদের আমার খেলা দেখার সুযোগ করে দেওয়াই এখন আমার প্রথম ও প্রধান কর্তব্য।’
সর্বশেষ সাত বছরে একটি টেস্টও খেলেননি ব্রাভো, ২০১৪ সালের পর থেকে ওয়ানডেও খেলেননি। ২০১৬ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সময় হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে চলে যান তিনি। ক্যারিবীয়দের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন সে বছরের সেপ্টেম্বর মাসে, পাকিস্তানের বিপক্ষে। চোট কাটিয়ে মাঠে ফিরতে পেরেই খুশি এই অলরাউন্ডার। স্বদেশি কাইরন পোলার্ডের (৩৯৯) পর সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন ব্রাভো (৩৬৪)।
সম্প্রতি চালু হওয়া টি-টেন লিগে মারাঠা অ্যারাবিয়ানসের হয়ে খেলছেন ত্রিনিদাদের এই ক্রিকেটার। প্রথম ম্যাচেই দলকে জয় এনে দিয়েছেন তিনি। ২ ওভার বল করে ১২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। এখনো ফর্মের তুঙ্গেই আছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের জার্সিতে তাঁকে দেখা না গেলে, সেটি ক্রিকেটের জন্য খুব ভালো কিছু হবে বলে মনে হয় না। সূত্র: ক্রিকইনফো।