
ভারতের মাটিতে খেলতে আসা সবচেয়ে খর্বশক্তির অস্ট্রেলিয়া দল এটি।
অস্ট্রেলিয়া খুব, খু-উ-ব ভালো খেললে ৩-০ ব্যবধানে হারবে। তা না হলে ৪-০।
এই দলে স্টিভ ওয়াহর মতো স্পিন খেলতে পারা ব্যাটসম্যান কই!
প্রথম দুটি বাক্য হরভজন সিংয়ের। পরেরটি সৌরভ গাঙ্গুলীর। সিরিজ শুরুর আগে এ-ই ছিল অস্ট্রেলিয়াকে নিয়ে ভারতের দুই ক্রিকেট মহিরুহের পর্যবেক্ষণ। কিন্তু প্রথম টেস্টে অন্তত কথাগুলো বুমেরাং হয়ে ফিরে এল ভারতের দিকে! ‘খর্বশক্তির’ অস্ট্রেলিয়ার কাছেই তিন দিনের মধ্যে ৩৩৩ রানে হেরেছে বিরাট কোহলির দল!
শুধু হেরেছে বললে আসলে কিছুই বলা হয় না। পুনেতে ভারত রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে! হারের ব্যবধান সেটির সাক্ষ্য দেয়। তবে শুধু ব্যবধানই নয়, টেস্টজুড়ে ব্যাটে, বলে, আগ্রাসনে কোহলিদের নাচিয়ে ছেড়েছে অস্ট্রেলীয়রা। যার প্রতীকী ছবি হয়তো কালকের ওই মুহূর্তটা—স্টিভ ও’কিফের বলের টার্ন বুঝতে না পেরে বিরাট কোহলির বোকার মতো বোল্ড হয়ে যাওয়া। বল ছেড়ে দিতে ব্যাট উঠিয়েছেন ভারত অধিনায়ক, কিন্তু বল সোজা লাগল গিয়ে স্টাম্পে।
এর বাইরে প্রথম দিনের শেষ দিকে মিচেল স্টার্কের ‘ব্যাটসম্যান’ বনে যাওয়া, কাল তৃতীয় দিনে অধিনায়ক স্টিভ স্মিথের সেঞ্চুরি, আর পুরো টেস্টে ও’কিফের বিস্ময়কর বোলিং...এমনই দাপট অস্ট্রেলিয়ার, প্রথম দিনের দ্বিতীয় সেশন ছাড়া টেস্টজুড়ে একবারও মনে হয়নি এই ভারতই টানা ১৯ টেস্টে অপরাজিত।

২০১৫ সালের আগস্টের পর ২০তম টেস্টে এসে ভারতের যে প্রথম হারের সঙ্গে সাক্ষাৎ হলো, সেটির পেছনে আসল লোক তো ও’কিফই। দুই ইনিংসে নিলেন ছয়টি করে উইকেট! দুই ইনিংসে রানও দিয়েছেন ঠিক ৩৫! ৭০ রানে ১২ উইকেট—ভারতের মাটিতে কোনো বিদেশি স্পিনারের সবচেয়ে ভালো বোলিং। কখনো বল ঘুরিয়েছেন ও’কিফ, কখনো বল পড়েই দ্রুত গেছে স্টাম্পের দিকে। কাল ছয় উইকেটের চারটি এলবিডব্লু ও একটি বোল্ড—এটিও বলে, বাঁহাতি স্পিনারের বল পড়তেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।
দ্বিতীয় দিন শেষেই অস্ট্রেলিয়ার জয়ই মনে হচ্ছিল সবচেয়ে সম্ভাব্য ফল। কাল তারা দিন শুরু করেছিল ২৯৮ রানে এগিয়ে থেকে, ফিফটি করে অপরাজিত ছিলেন স্মিথও—ও’কিফের বাইরে এই টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পার্শ্বনায়ক। আগের দিন দু-তিনবার ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন, কাল অস্ট্রেলিয়া অধিনায়ক থামলেন দুর্দান্ত সেঞ্চুরি করে। ভারতের বিপক্ষে টানা পাঁচ টেস্টে তাঁর পঞ্চম সেঞ্চুরি। তাতেই জয়ের জন্য ভারতের সামনে দাঁড়ায় প্রায় অসম্ভব এক লক্ষ্য—৪৪১ রান! এতটাই যে, ইনিংস বিরতির সময় বিশ্লেষক সুনীল গাভাস্কারই বলছিলেন, ‘জয় সম্ভব নয়। ভারত চতুর্থ ইনিংসে অন্তত ৩০০-৩৫০ রান করলেও সেটি হবে বড় অর্জন।’
গাভাস্কারের বলা অর্জনের ধারেকাছেও যেতে পারেনি ভারত। প্রথম ইনিংসে ১০৫ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করতে পারল ১০৭। কোহলির চোখে এই বিপর্যয়ের কারণ, ‘গত দুই বছরে আমাদের সবচেয়ে জঘন্য ব্যাটিং। দুটি খারাপ সেশন কাটিয়েছি, এই মানের প্রতিপক্ষের সঙ্গে তা পুষিয়ে ফিরে আসা কঠিন। কোনো অজুহাত নেই। মাঝে মাঝে মাথার হ্যাটটা খুলে প্রতিপক্ষকে বলতেই হয়, ভালো খেলেছ!’
আর স্মিথ? জয়ী দলের অধিনায়ক তখনো দিনক্ষণের হিসাবে ব্যস্ত, ‘৪ হাজার ৫০২ দিন পর ভারতে কোনো টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া, আমার দিনক্ষণও মনে আছে।’
তাঁর দল অবশ্য খেলেছে দিনক্ষণের হিসাব ভুলিয়ে দেওয়ার মতোই। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।