ও'কিফের বাঁ আর হ্যান্ডসকম্বের ডান হাতে ভারত ধ্বংসস্তূপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ ও’কিফের স্পিনে শেষ হয়ে গেল ভারত। ছবি: এএফপি
স্টিভ ও’কিফের স্পিনে শেষ হয়ে গেল ভারত। ছবি: এএফপি

সিরিজ শুরুর আগে অনেক পরিকল্পনাই করেছে ভারত। অস্ট্রেলিয়ার ব্যাটিং-বোলিং দেখা হয়েছে আতশকাচের নিচে। কিন্তু এতেও কোনো লাভ হলো না। শত শত সমীকরণেও যে পিটার হ্যান্ডসকম্বের ডান হাতের হিসাবটা ছিল না! হ্যান্ডসকম্বের হাতেই লেখা হলো ভারতের সর্বনাশ, ৮ বলে ৪ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপ সময়ের সেরা ব্যাটিং লাইনআপ। আর স্টিভ ও’কিফের ৬ উইকেটে ১০৫ রানেই অলআউট ভারত! 

বিভ্রান্ত হবেন না। পিটার হ্যান্ডসকম্ব বোলিং করেননি। রাজ্যদলে উইকেটকিপিং করা এই ব্যাটসম্যান সব ধরনের ক্রিকেট মিলেই শখ করে ১২ বল করেছেন। কিন্তু তাতে কী? অবিশ্বাস্য একটা ডান হাত তো আছে তাঁর! কী সব দুর্দান্ত ক্যাচ ধরলেন! উইকেটগুলো তো তাঁরই!
স্টিভ ও’কিফের একটি ঘূর্ণি অজিঙ্কা রাহানের ব্যাট ছুঁয়ে গেল স্লিপে। সেটা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় হ্যান্ডসকম্ব পুড়ে নিলেন মুঠোয়। সে ক্যাচটা এতটাই দুর্দান্তভাবে ধরেছেন, ডানদিকে ঝাঁপ দেওয়ার পরও হাতের ওপরের অংশটা মাটির ছোঁয়া পেল না!
একটু পরে নাথান লায়নের বলে রবিচন্দ্রন অশ্বিনের রক্ষণাত্মক শটটা জুতোয় পড়ে আস্তে করে আবারও নেমে আসছিল উইকেটে। সিলি মিডঅনে দাঁড়ানো হ্যান্ডসকম্বের জন্য ওটুকুই যথেষ্ট। আবার ঝাঁপিয়ে পড়লেন, ছোবল দিয়ে উঠল তাঁর ডান হাত। আবারও টিভি আম্পায়ারের শরণ নিয়েও বিরস মুখে মাঠ ছাড়লেন ভারতীয় ব্যাটসম্যান।
অবশ্য ভারতের পতনের সূচনাটা করেছেন লোকেশ রাহুল। দুর্দান্ত এক ইনিংস খেলছিলেন, অসাধারণ স্ট্রোক-প্লেতে মুগ্ধ করে দিচ্ছিলেন। হঠাৎই কী মনে হলো, ৩৩ ওভারের দ্বিতীয় বলে লং অফ দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে মাঠের অর্ধেকটা পার করতে পারলেন। সে শট খেলে উল্টো যেভাবে কাঁধ চাপড়ে ধরলেন তাতে পরের ইনিংসেও ব্যাট করতে পারবেন বলে মনে হচ্ছে না।
এক বল পরেই রাহুলের সঙ্গে চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়া রাহানে ফিরেছেন, হ্যান্ডসকম্বের সে ক্যাচে। ওভারের শেষ বলে ঋদ্ধিমান সাহাও গেলেন! পুরো সকাল ধরে বাজে বোলিং করা ও’কিফ এক ওভারেই নিলেন ৩ উইকেট!
পরের ওভারেই আবারও হ্যান্ডসকম্বের হাত ধরে ফিরেছেন অশ্বিন। ৩ উইকেটে ৯৪ রান থেকে ভারতের স্কোর ৯৫/৭! সেটা ও’কিফের বাঁহাতি স্পিনে ১০৫ রানে অলআউট লিখতে সময় লাগল না। গত এক যুগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত কম রানে ভারত অলআউট হয়নি। ২০০৪ সালে মুম্বাইয়ের ভয়ংকর পিচে ১০৪ রানে অলআউট হয়েছিল। সে টেস্টের দ্বিতীয় ইনিংসেই ৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন মাইকেল ক্লার্ক। আর আজ ও’কিফ ৬ উইকেট পেলেন ৩৫ রানে। শেষ ৫ রান ও ২৪ বলেই এসেছে সে ৬ উইকেট!
টানা তিন টেস্টে প্রথম ইনিংসে ৬০০ পেরোনো ভারত আজ শেষ হয়ে গেল ১০৫ রানেই! নিজেদের মাঠে এর কম রানে মাত্র ১০বার অলআউট হয়েছে তারা!
অস্ট্রেলিয়াও অবশ্য দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই হারিয়েছে ডেভিড ওয়ার্নারকে। তখন তাদের রান ছিল ১০।