
অস্ট্রেলিয়া দল আসবে, এটা ধরে নিয়েই এগোচ্ছে বিসিবির সব পরিকল্পনা। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল দুপুরেও জানালেন, অস্ট্রেলিয়া থেকে নতুন কোনো খবর নেই।
খবর যা আছে, তা ইতিবাচক। তিন দিনের সফর শেষে দেশে ফিরে যাওয়ার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধিদলের সদস্যরা অনানুষ্ঠানিকভাবে শুনিয়ে গেছেন আশার কথা। প্রতিনিধিদলটি আশাবাদী, সিএর সঙ্গে আর্থিক বিষয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরোধ মিটে যাবে শিগগিরই। ব্যাপারটা এমন নয় যে, পুঙ্খানুপুঙ্খ লিখিত চুক্তি হওয়ার আগ পর্যন্ত ক্রিকেটাররা গোঁ ধরে বসে থাকবেন। একবার দুই পক্ষ একমত হলেই দূর হয়ে যাবে সফর নিয়ে সব অনিশ্চয়তা।
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এটা বিসিবির আশার পালে নতুন হাওয়া দিচ্ছে। ক্রিকেটাররাও বসে নেই। ফিটনেস ট্রেনিং শেষে এক দিন বিরতি দিয়ে আজ শুরু হবে স্কিল ট্রেনিং। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সব সদস্য এখন ঢাকায়। নতুন যোগ হয়েছেন ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল। গত বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি।
কাল হাথুরুসিংহের সঙ্গে শেরেবাংলা স্টেডিয়ামে এসে মাঠ-ইনডোর ঘুরে দেখেছেন ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবির সঙ্গে আপাতত এক মাসের চুক্তি হলেও ও’নিল আশাবাদী ভবিষ্যৎ নিয়ে, ‘আপাতত আমি ওদের (ব্যাটসম্যানদের) কিছুদিন দেখব। এখানকার অবস্থা পর্যবেক্ষণ করব। তারপর নতুন করে কথা হতেও পারে। তবে ছোটখাটো কিছু কাজ করার জন্য এই সময় যথেষ্ট।’
বিসিবির প্রধান নির্বাহীও জানিয়েছেন, ‘জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে তাঁর চুক্তি আপাতত এক মাসের। তবে ভবিষ্যতে তাঁকে ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় দায়িত্ব দেওয়া হতে পারে।’ একসময় নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ছিলেন ও’নিল। কাজ করেছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দল এবং অনেক ব্যাটসম্যানের ব্যক্তিগত কোচ হিসেবেও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫.১৭ গড়ে তাঁর রান ৩৭২৯।
ব্যাটিং কোচ পাওয়া গেলেও এখনো চূড়ান্ত নয় জাতীয় দলের স্পিন বোলিং কোচ। সম্ভাব্য তালিকায় আছেন অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার তিনজন। হাইপারফরম্যান্স ইউনিটের পেস বোলিং কোচ হিসেবে চম্পকা রমানায়েকের নিয়োগ পাওয়াটাও আছে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। বিসিবির একটি সূত্রে জানা গেছে, আজ বিকেলে পরিচালনা পরিষদের সভায় এই দুটি বিষয় চূড়ান্ত হয়ে যেতে পারে।
শ্রীলঙ্কা সিরিজের সময় যোগ দেওয়া জাতীয় দলের ফিজিও থিলান চন্দ্রমোহনকে নিয়েও বিপাকে আছে বিসিবি। অস্ট্রেলিয়ায় কী এক দুর্ঘটনায় পড়ায় সময়মতো ফিটনেস ক্যাম্পে যোগ দিতে পারেননি এই শ্রীলঙ্কান। কথা ছিল সুস্থ হলেই চলে আসবেন বাংলাদেশে। কিন্তু হাথুরুসিংহে এসে দিয়েছেন নতুন তথ্য—চন্দ্রমোহনকে নাকি আবারও ভর্তি হতে হয়েছে হাসপাতালে। মধ্য আগস্টের আগে তাঁর আসার সম্ভাবনা নেই। এ অবস্থায় তাঁর অপেক্ষায় থাকাটা ঠিক হবে কি না, বিসিবি এখন সেটি ভেবে দেখছে।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য আজ থেকে শুরু স্কিল ট্রেনিং পর্বটা হবে দুই ভাগে। সিরিজের দ্বিতীয় টেস্টটি যেহেতু চট্টগ্রামে, ৪ থেকে ১২ আগস্ট পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলবে অনুশীলন ক্যাম্প। সেখানে দুই দিনের প্রস্তুতি ম্যাচও হবে একটি। প্রস্তুতি ম্যাচটি অবশ্য হওয়ার কথা ছিল ফতুল্লা স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টিতে এই মাঠ আপাতত খেলার অনুপযুক্ত।