কক্সবাজারে উইকেট-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকলাইন সজীব
সাকলাইন সজীব

উইকেট মন্থর, বল নিচু, আউটফিল্ড ভারী। বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানদের চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে তবু দ্বিতীয় দিনে উইকেট পড়েছিল মাত্র তিনটি। কক্সবাজারে খোঁজ নিয়ে জানা গেল, তৃতীয় দিনে উইকেটের অবস্থা আরও খারাপ। বল তো নিচু হচ্ছিলই, টার্নও অনেক। তাতে দুদলের অবস্থাই তথৈবচ। এক দিনেই উইকেট পড়েছে ১৮টি! উইকেট বৃষ্টির দিন শেষে সূর্য যখন হেলে পড়েছে স্টেডিয়ামের কোলঘেঁষা সাগরবুকে, ম্যাচ তখন পুরোপুরি হেলে বাংলাদেশ ‘এ’ দলের দিকে। ম্যাচ জিততে আজ শেষ দিনে চাই ৬১ রান, হাতে ৯ উইকেট। কোনো ব্যাপারই না!
তবে কাল যা হলো, সেটির পুনরাবৃত্তি হলে অবশ্য ৬১ রানও আজ ব্যাপার হয়ে যেতে পারে। বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ১৭ রানে পড়েছে শেষ ৭ উইকেট, জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৮। প্রথম দিন থেকেই বাঁহাতি স্পিনের জয়গান গাইছিল এই ম্যাচ। কাল আরও জোরেশোরে গাইল। তাতে সাকলাইন সজীবের সঙ্গে যোগ দিলেন জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজাও। দুই বাঁহাতি স্পিনারের সঙ্গেই যোগ্য সংগত করেছেন তরুণ দুই লেগ স্পিনার।
ম্যাচের প্রথম দিনই প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের ইনিংস-সেরা বোলিংয়ের কীর্তি গড়েছিলেন সাকলাইন। কাল দ্বিতীয় ইনিংসে আরও ৬ উইকেট নিয়ে গড়েছেন ম্যাচসেরা বোলিংয়ের রেকর্ডও। এখানেও পেছনে ফেললেন আবদুর রাজ্জাককে। বাকি ৪টি উইকেট এই ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেনের। দুই স্পিনারের যুগল আক্রমণে জিম্বাবুয়ে ‘এ’ গুটিয়ে গেছে মাত্র ১০৮ রানে।
সকালে ৩ উইকেটে ১৬২ রান নিয়ে আবার শুরু হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস। অপরাজিত দুই ব্যাটসম্যান রকিবুল ও নাঈম টিকে ছিলেন ঘণ্টা খানেক। নাঈমকে (১২২ বলে ২২) ফিরিয়ে ওয়েলিংটন মাসাকাদজা ৪৩ ওভারে ৬৯ রানের জুটি ভাঙতেই হুড়মুড় করে ভেঙে পড়ে ইনিংস। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২০ বছর বয়সী মাসাকাদজা নিয়েছেন ৬ উইকেট। লেগ স্পিনার মুতমবোদজি আগের দিনের দুই উইকেটের সঙ্গে যোগ করেছেন আরও দুটি। ২৩২ মিনিট উইকেটে থেকে ১৬৯ বলে ৪৩ করেছেন রকিবুল। বাংলাদেশ ‘এ’ দল লিড পায় মাত্র ৫ রানের।
ম্যাচে তখন সমতাই বলা যায়। সেখান থেকে এটি স্বাগতিকদের দিকে ঝুঁকে পড়ার মূলে সাকলাইন-জুবায়েরের ঘূর্ণি।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ‘এ’: ২০৬ ও ৪৮.২ ওভারে ১০৮ (মায়োয়ো ৬, সিবান্দা ১৯, চারি ২৩, ভারমিউলেন ১১, চাকাভা ৭, মুতমবোদজি ৭, মাসাকাদজা ১১, জঙ্গে ১৬, মুপারিওয়া ৪, মুনিয়েদে ০*, চিনুইয়া ০, শাহাদাত ০/৯, শহীদ ০/২, ফরহাদ ০/২২, সাকলাইন ৬/৫০, নাঈম ০/৩, জুবায়ের ৪/১৮);
বাংলাদেশ ‘এ’: ১২০.৪ ওভারে ২১১ (লিটন ৫৪, সাদমান ৪০, মার্শাল ২০, রকিবুল ৪৩, নাঈম ২২, ফরহাদ ৬, নুরুল ৫, সাকলাইন ২, শহীদ ০, শাহাদাত ০, জুবায়ের ০*, মুপারিওয়া ০/২৮, চিনুইয়া ০/২৭, মাসাকাদজা ৬/৬৩, মুনিয়েদে ০/১১, মুতম্বোদজি ৪/৩৮, জঙ্গুয়ে ০/৩৪) ও ১৫ ওভারে ৪৩/১ (সাদমান ৬, লিটন ২৭*, মার্শাল ১০*, মাসাকাদজা ১/২৭, জঙ্গে ০/৭, মুতম্বোদজি ০/৯)।