কক্সবাজারে বোলারদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সেঞ্চুরি, একটি নড়বড়ে নব্বই। দুই ম্যাচ মিলিয়ে উইকেট মাত্র ১০টি। পরশু ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনটা তর্কাতীতভাবেই ব্যাটসম্যানদের ছিল। অবস্থাটা পাল্টেছে কাল। ২০ উইকেট নিয়ে বোলাররা ফিরেছেন ভালোভাবেই।
আগের দিনের ২ উইকেটের সঙ্গে কাল আরও ৩ উইকেট যোগ করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি আবদুর রাজ্জাক। তবে রাজ্জাকের প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল নয়, দ্বিতীয় দিন শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল ওয়ালটন মধ্যাঞ্চলই আছে সুবিধাজনক স্থানে।
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে ৫ উইকেটে ২৮৯ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চল অলআউট ৪২৫ রানে। এরপর দক্ষিণাঞ্চল ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৩১ রান। পাশের একাডেমি মাঠে ফলোঅন এড়াতে আরও ৯৪ রান দরকার বিসিবি উত্তরাঞ্চলের। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ১৪৮ রান তুলেছে উত্তরাঞ্চল। এর আগে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শুরু করা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংস থেমেছে ৩৯২ রানে।
আগের দিনই সেঞ্চুরি পেয়ে যাওয়া অলক কাপালি শেষ পর্যন্ত থেমেছেন ১৫৪ রানে। তাঁর ২৯১ বলের ইনিংসটি সাজানো ১৯ চার ও ১ ছয়ে। ইনিংসের ১০৩তম ওভারে পরপর দুই বলে অলক ও কামরুল ইসলামকে তুলে নিয়ে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন উত্তরের বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়া বাংলাদেশের সপ্তম বোলার সাকলাইন। মাইলফলক ছুঁতে তাঁকে খেলতে হলো ৬৯ ম্যাচ।
পূর্বাঞ্চলের তিন পেসার এরপর চেপে ধরেছেন উত্তরাঞ্চলকে। প্রথম ওভারেই জহুরুল ইসলামকে আউট করে শুরুটা করেন আবু জায়েদ। উত্তরের পরের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সাইফউদ্দিন ও কামরুল ইসলাম। প্রত্যেকেই নিয়েছেন ৩টি করে উইকেট।