কক্সবাজারে সাকলাইনের দিন
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাড়াহুড়ো করে বানানো স্টেডিয়াম আর উইকেট। উইকেট নিয়ে তাই একটা আশঙ্কা ছিলই, বল হাঁটু-উচ্চতার ওপরে উঠবে তো? প্রথম ৫-৬ ওভারে সেই আশঙ্কা আরেকটু বাড়ল। শাহাদত হোসেনের বলও তেমন উঠছিল না। কিন্তু রোদের তেজ বাড়ার সঙ্গে নাটকীয়ভাবে বদলে গেল উইকেট। বলে বাউন্স বাড়ল, সেটি অসমানও নয়। জিম্বাবুয়ের ‘এ’ দলের ব্যাটসম্যানরাও এগিয়ে যাচ্ছিলেন ভালো সংগ্রহের পথে। কিন্তু বোলিং-দ্যুতিতে ওই চোখধাঁধানো রোদকেও ম্লান করে দিলেন একজন। রেকর্ড গড়া ৯ উইকেটে জিম্বাবুয়ে ‘এ’-কে গুঁড়িয়ে দিলেন সাকলাইন সজীব।
টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটা ছিল সাবধানী। প্রথম ঘণ্টায় উইকেট পড়েনি একটিও। পানিবিরতির পরের ওভারেই টিনো মায়োয়োকে ফিরিয়ে সাকলাইনের উইকেট-উৎসব শুরু। এবং শুরুর পরই বিরতি। অধিনায়ক ভুসিমুজি সিবান্দা উইকেটে জমে গেলেন ব্রায়ান চারিকে নিয়ে। লাঞ্চের আগে আর উইকেট নেই। দ্বিতীয় উইকেটে দুজনের ৬১ রানের জুটি ভেঙে আবার দৃশ্যপটে সাকলাইন। এবার আর থামাথামি নেই। মাঝে একবার শুধু ভাগ বসালেন ফরহাদ হোসেন। এই অফ স্পিনারের পাওয়া প্রতিপক্ষের ষষ্ঠ উইকেটটি দিন শেষে গোটা বাংলাদেশ ‘এ’ দলের জন্যই হয়ে দাঁড়াল আফসোসের কারণ। একপ্রান্ত আগলে রাখা রেজিস চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংস যখন শেষ করলেন সাকলাইন, নামের পাশে তাঁর ৯ উইকেট! ফরহাদ ওই উইকেটটি না পেলে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের কারও ১০ উইকেট হয়তো হয়েই যেত। সেটি না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কারও সেরা বোলিংয়ের রেকর্ডটা ঠিকই হলো: ৩১.১-৬-৮২-৯!
প্রতিপক্ষের মান নিয়ে প্রশ্ন তুলতে পারেন কেউ কেউ। ৯ উইকেট কিন্তু যেকোনো পর্যায়ের স্বীকৃত ক্রিকেটেই বেশ বড় ব্যাপার। সঙ্গে বাড়তি তথ্য, জিম্বাবুয়ে ‘এ’ দলের একাদশে টেস্ট ক্রিকেটার আছেন পাঁচজন, আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে আরও তিনজনের। পাঁচ টেস্ট ক্রিকেটারের দুজন খারাপ করেননি ব্যাট হাতে। সিবান্দা নিজের মতোই স্ট্রোক খেলে করেছেন ৯৯ বলে ৬২। পাঁচে নেমে উইকেটকিপার ব্যাটসম্যান রেজিস চাকাভা করেছেন ৬৪। দুজনের ইনিংসই বড় হতে দেননি সাকলাইন। চার ব্যাটসম্যানকে ছুঁতে দেননি দুই অঙ্কই। প্রথম দিন বিবেচনায় উইকেটে টার্ন মিলেছে ভালোই। সাকলাইন টানা বল করে গেছেন ফ্লাইট আর লুপ দিয়ে। ওই জালেই আটকেছে একের পর এক উইকেট। ১ উইকেটে ১০৩ থেকে আর ১০৩ রান যোগ করতেই শেষ সফরকারীদের ইনিংস। শেষ বিকেলে দুই তরুণ ওপেনার সাদমান ও লিটন ১৩ ওভার নিরাপদে কাটিয়ে দিয়ে দিনটিকে পুরোপুরি করে নিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের।
বাংলাদেশের ড্রেসিংরুমে ফলস সিলিং একটু খসে পড়া, মধ্যাহ্নবিরতিতে বাথরুমে পানি না-থাকাসহ কিছু সমস্যা ছিল মাঠে। সাকলাইন শেষ পর্যন্ত আড়াল করে দিয়েছেন সবকিছুকেই!
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ‘এ’ ১ম ইনিংস: ৭৪.১ ওভারে ২০৬ (মায়োয়ো ১২, সিবান্দা ৬২, চারি ৩০, ভারমিউলেন ৮, চাকাভা ৬৪, মুতোম্বোদজি ০, জঙ্গুয়ে ০, মুপারিওয়া ১, ওয়েলিংটন মাসাকাদজা ১৬, মুনিয়েদে ৪, চিনুয়া ০*; শাহাদাত ০/২৭, শহীদ ০/১৯, সাকলাইন ৯/৮২, জুবায়ের ০/৪২, ফরহাদ হোসেন ১/২৬, নাঈম ০/৪)। বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১৩ ওভারে ৩০/০ (লিটন ২৩*, সাদমান ৪*; মুপারিওয়া ০/৯, চিনুয়া ০/১৬, ওয়েলিংটন মাসাকাদজা ০/২, মুনিয়েদে ০/১, মুতোম্বোদজি ০/২)।