কঙ্কাল বেরিয়ে গেল বাংলাদেশের বোলিংয়ের
ওয়ানডেতে অভিজ্ঞতা বিচারে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের অন্যতম কিপটে বোলার। আজ তাঁর ইকোনমি রেট ৬.৮০। ওয়ানডেতে এখনকার ব্যাটিং বিচারে এই ইকোনমি রেট মেনে নেওয়া যায়। কিন্তু দিনের সবচেয়ে কিপটে বোলিং হিসেবে বা বোলিংয়ের কান্ডারি হিসেবে? এই বিভাগে নেতৃত্ব দিতে পারলেন কোথায় মাশরাফি!
বাংলাদেশ অধিনায়ককে শুধু একটি ওভার দিয়ে কাঠগড়ায় তোলা যেত। সেটি ৪৯তম ওভার। উইকেটে তখন ইংল্যান্ডের লেজের দুই ব্যাটসম্যান লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকস। এ দুজনে মাশরাফির কাছ থেকে ১৮ রান তুলে নিলেন! কাঠগড়ায় তোলাটা এই রান দেওয়ার জন্য নয়—৭০ থেকে ৭৫ মাইল গতির মধ্যে বল করার জন্য।
এত অল্প গতিতে বল করার সুবিধা কী দারুণভাবেই না কাজে লাগালেন দুজন। ‘ডেথ ওভার’-এ মাশরাফির ওই গতির বোলিংয়ে রুবেল হোসেনকে মনে পড়া স্বাভাবিক। ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার আশপাশে বোলিং করা রুবেল ‘ডেথ ওভার’-এ থাকলে প্লাঙ্কেট-ওকস অন্তত অতটা সহজে রান তুলতে বোধ হয় পারতেন না।
মাশরাফি তবু বলতেই পারেন, আজ যে তিনিই সবচেয়ে কিপটে পেসার। শেষ ওভারে ১৮ দিয়েও যে ইকোনমি সাতের নিচে। দলের অন্য দুই পেসারের অবস্থা যে আরও করুন। সবচেয়ে দৃষ্টিকটু ব্যাপার হলো, বাংলাদেশের তিন পেসারই আজ প্রচুর শর্ট বল করেছেন। পুল-হুক করতে সিদ্ধহস্ত ইংলিশ ব্যাটসম্যানেরা চার-ছক্কা মিলিয়ে মোট ৪২টি বাউন্ডারি মেরেছেন। এর মধ্যে ২৪টি বাউন্ডারি দিয়েছেন তিন পেসার—যার বেশির ভাগই শর্ট বলের কুফল। মোস্তাফিজ যে ৩ ছক্কা হজম করেছেন সবগুলোই শর্ট বল ছিল। সাইফউদ্দিনের বলে তো অসাধারণ এক দৃশ্যই দেখা গেল। অফ সাইডে প্রায় ওয়াইডের এক শর্ট বল একস্ট্রা কভার দিয়ে উড়িয়ে মেরেছেন জস বাটলার। এমন কীর্তি সম্ভব হয়েছে, কারণ সাইফউদ্দিনের বলের গতি ৮০ মাইলেরও নিচে ছিল।
স্পিনারেরাও বৈচিত্র্যের জাল বিছাতে পারেননি। যে সাকিব আল হাসান নিজের প্রথম ২ ওভারে দিলেন ২ রান, পরের ৮ ওভারে দিলেন ৬৯! মিরাজ ১০ ওভারে রান দিয়েছেন ৬.৭০ গড়ে। আজকের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে কিপটে বোলার। ব্যাটসম্যানকে উইকেটে বেঁধে রাখতে মিরাজের যে সুনাম ছিল তা আজ ভেসে গেছে ক্রমাগত হাফ ভলি করায়—যে কারণে হজম করতে হয়েছে ৩ ছক্কা ও ৩ চার। স্পিন বিভাগে আরেকটি বড় প্রশ্ন তৈরি হয়েছে মোসাদ্দেক হোসেনকে ঘিরে।
সবাই যখন খারাপ করছে তখন মোসাদ্দেককে দিয়ে চেষ্টা হয়েছিল। আগের দুই ম্যাচে ভালো করা মোসাদ্দেককে বাটলার আক্রমণ থেকে সরিয়ে দিতে মাত্র ২ ওভার সময় নিয়েছেন। তাতে ২৪ রান দেওয়ায় আর ফেরা হয়নি মোসাদ্দেকের। অভিজ্ঞতা ও কার্যকারিতা বিচারে মাহমুদউল্লাহ তাঁর চেয়ে ভালো বোলার। কিন্তু মাহমুদউল্লাহকে আজও বোলিংয়ে দেখা যায়নি। সেটি হতে পারে কাঁধের চোট থেকে সেরে না ওঠার জন্য। ২০১৯ বিশ্বকাপের মাঝেই মাহমুদউল্লাহর বোলিং পাওয়া যাবে বলে আশা দেখানো হয়েছিল, সেটা মিথ্যা বলেই ঠেকছে। দলে মাহমুদউল্লাহর ভূমিকা আপাতত শুধু ব্যাটসম্যান হিসেবেই বলে মনে হচ্ছে।

প্রতিপক্ষের ইনিংসের মাঝেও উইকেট নিতে না পারার ব্যর্থতা খুবলে খেয়েছে বাংলাদেশ দলকে। এই ব্যর্থতা অবশ্য নতুন নয়। তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দলের বিপক্ষে এমন হলে কী ঘটতে পারে তা বুঝিয়ে দিল ইংল্যান্ড। ৩০ ওভার পর্যন্ত মাত্র ১ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। পরের ১০ ওভারে উইকেট পড়েছে মাত্র ২টি। অর্থাৎ হাতে ৭ উইকেট রেখে শেষ ১০ ওভারে ব্যাট করেছে ইংল্যান্ড। আর এতে হাত খুলে ব্যাট করার সুযোগটা খুলে গেছে। শুরুতেই বাতলার ফিরে যাওয়ার পরও ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে ১১১ রান। স্লগ ওভারে খুনে মেজাজে থাকার জন্য বিখ্যাত বাটলার টিকে গেলে আজ চার শর ওপারেই তাকাতে হতো!
শুধু উইকেট নিতে না পারার ব্যর্থতা নয়, ভালো শুরুর পর ধীরে ধীরে রান দেওয়ার দ্বার খুলে দিয়েছেন বোলাররা। প্রথম ১০ ওভারে রান রেট ছিল ৬.৭। পরের ২০ ওভারে রান রেট কিছুটা কমেছে (৫.৯)। কিন্তু শেষ ২০ ওভারে গড়ে রান উঠেছে ১০.০৫ হারে। বোলিংয়ে বৈচিত্র্যের অভাব ভালোভাবে টের পাওয়া গেছে। ইনিংসের শেষ দিকে বোলিংয়ের অবস্থার এ দুর্দশা কাটানো না গেলে সেমিফাইনালে ওঠার আশাটা দুরাশায় রূপ নিতে সময় নেবে না।