কচ্ছপগতির মিসবাহ!

নিয়মিত ব্যাটিং করছেন চার-পাঁচে। সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে নেমে গেলেন এনামুল হকেরও আগে। তিন ইনিংসে তাঁর রান ৬৭। টি-টোয়েন্টিতে গড়টা খারাপ বলা যায় না—৩৩.৫০। কিন্তু স্ট্রাইকরেটটা ‘টুক টুক’ মিসবাহ-উল-হককেই পরিচয় করিয়ে দিচ্ছে! চিটাগং ভাইকিংস অধিনায়কের স্ট্রাইকরেট ৮৩.৭৫। টি-টোয়েন্টির বিচারে যা ‘কচ্ছপগতি’রই।
মিসবাহ এখনো পর্যন্ত বল খেলেছেন ৮০টি। বাউন্ডারি মারতে পেরেছেন মাত্র তিনটি, ছক্কা? এখনো মারতে পারেননি। ৮২.০৯ শতাংশ রান এসেছে তাঁর দৌড়েই। বেশির ভাগ নেমেছেন ইনিংসের মাঝামাঝি সময়ে। শেষ দিকে তাঁর ব্যাটিংয়ে যখন ঝড় দেখার প্রত্যাশায় দল, তিনি তখন এগোচ্ছেন ধীর লয়ে। দলের এক খেলোয়াড় কাল আড্ডাচ্ছলে বলছিলেন, মিসবাহর ‘গেম প্ল্যান’ শুরুতে ধরে খেলে পরে ‘পুষিয়ে’ দেওয়া! কিন্তু সেই পোষানো তাঁর হচ্ছে কোথায়! আজও একই পরিকল্পনায় এগোচ্ছিলেন কি না, সেটি অবশ্য জানা যায়নি। তবে মিসবাহর লক্ষ্য ছিল ম্যাচটা শেষ করেই আসা, ‘আমি ও সিকান্দার যেভাবে খেলছিলাম, খেলাটা শেষ করে আসার ব্যাপার ছিল। আমরা শেষ করতে পারিনি। শেষ পর্যন্ত ব্যাট করতে পারলে হয়তো জিততে পারতাম। কিন্তু দুজনেই আউট হয়ে গেছি। শেষ পর্যন্ত ওটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
গত মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া মিসবাহ এখনো চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। বিপিএল খেলতে আসার আগে ব্যস্ত ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেট নিয়ে। স্ট্রাইকরেট বাজে হওয়ার পেছনে দীর্ঘদিন খেলার মধ্যে না থাকাটা বড় করে দেখছেন মিসবাহ, ‘হ্যাঁ, এটি যথেষ্ট নয়। আমি চেষ্টা করছি। উন্নতি হচ্ছে। এই টুর্নামেন্টের আগে খুব বেশি খেলতে পারিনি, খেলার মধ্যে ছিলাম না। এখন খেলছি, উইকেট সময় কাটাতে পেরেছি। আশা করি, এরপর আরও উন্নতি হবে।’