স্মিথ ক ও ব ক্রেগ, ভোজেস ক ও ব ক্রেগ, মার্শ ক ও ব বোল্ট, লায়ন ক ও ব অ্যান্ডারসন। এক ইনিংসে চার-চারজন ব্যাটসম্যান কট অ্যান্ড বোল্ড। দুর্লভ ঘটনার সাক্ষী হলো ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসটি। টেস্ট ইতিহাসে মাত্র তিনবার একই ইনিংসে চার ব্যাটসম্যান বোলারকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়েছেন। প্রথম ঘটনাটি ১৮৯০ সালের। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ডব্লু জি গ্রেস, ওয়াল্টার রিড, ববি পিল ও জর্জ লোহম্যান বোলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। দ্বিতীয় ঘটনাটির জন্য এরপর অপেক্ষা করতে হয়েছে ৯৫ বছর। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের চার ব্যাটসম্যান কট অ্যান্ড বোল্ড। ওয়ানডেতেও ইনিংসে সর্বোচ্চ ৪ ব্যাটসম্যান কট অ্যান্ড বোল্ড হয়েছেন। ১৯৯৯ সালে বিশ্ব সিরিজ কাপের ওই ম্যাচেও নিউজিল্যান্ডের প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া।