কটককে নিষিদ্ধ করার দাবি তুললেন গাভাস্কার
কী অদ্ভুত বৈপরীত্য! নাম দেওয়া হয়েছে গান্ধী-ম্যান্ডেলা সিরিজ। অথচ সহিষ্ণুতার লেশমাত্র ছিল না কটকে ভারতীয় দর্শকদের মধ্যে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের অবস্থা খারাপ হয়ে যেতেই মাঠে বৃষ্টির মতো উড়ে গেল পানির বোতল। দুই দফায় খেলা বন্ধ থাকল ৪৩ মিনিট। শেষ পর্যন্ত গ্যালারির ওই অংশটা ফাঁকা করে তবেই আবার খেলা শুরু হয়েছে।
বরাবতি স্টেডিয়ামে দর্শকদের এই আচরণে খুব খেপেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার, ‘এরপর এখানে যে আন্তর্জাতিক ম্যাচটা হওয়ার কথা, সেটা দেওয়া উচিত না। কটক হয়তো আবার আন্তর্জাতিক ম্যাচ পেত দুই বছর পরে। কিন্তু দর্শকদের এমন আচরণের কারণে তাদের সেটাও দেওয়া উচিত হবে না।’ ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেওয়া অনুদানও বন্ধ করে দেওয়ার পক্ষে গাভাস্কার, ‘দল যা-ই খেলুক, মাঠে হাঙ্গামা করার কোনো অধিকার নেই সমর্থকদের। ওদের একটা শক্ত বার্তা দিতে হবে।’
ভারতীয় দর্শকদের আচরণে কালিমালিপ্ত ম্যাচটিতে শেষ হাসি কিন্তু দক্ষিণ আফ্রিকারই। ৬ উইকেট আর ১৭ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকার জয়ে এমন একজন ম্যাচ-সেরা হয়েছেন, যিনি প্রথমে প্রোটিয়া দলেই ছিলেন না। আঙুলে চোট পেয়ে ছিটকে যাওয়া ডেভিড ওয়েসির বদলে প্রায় ১৮ মাস পরে দলে ফিরেই ১২ রানে ৩ উইকেট নিয়ে জয়ের নায়ক অ্যালবি মরকেল। এএফপি।