কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে কি তবে ভুল করলেন মাশরাফি বিন মুর্তজা? সেটি বলার সময় এখনো হয়নি। তবে কঠিন পরীক্ষার সামনেই পড়েছে বাংলাদেশ। নেলসনে বাংলাদেশকে ৩১৯ রানের বিরাট লক্ষ্য দিয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপে এটি স্কটিশদের সর্বোচ্চ সংগ্রহ এবং ওয়ানডেতে তৃতীয়৷
ওয়ানডেতে তিনশ রানের বেশি লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের দুটি। ২০০৯ সালের আগস্টে বুলাওয়েতে জিম্বাবুয়ের দেওয়া ৩১৩ রানের লক্ষ্য পেরিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২০১৩ সালে ফতুল্লায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০৮ রান তাড়া করেও জিতেছিল বাংলাদেশ। ফলে বাংলাদেশকে জিততে হলে আজ রেকর্ড গড়েই জিততে হবে।
৩৮ রানেই দুই স্কটিশ ব্যাটসম্যানকে ফিরিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। এরপরই দাঁড়িয়ে গেল কাইল কোয়েতজার-ম্যাট ম্যাচান জুটি। দুজনের তৃতীয় উইকেট জুটি বেশ কিছুক্ষণ ভোগাল বাংলাদেশকে। অবশেষে এ জুটি ভেঙেছেন সাব্বির রহমান। এ জুটিতে এল ৭৮ রান। সাব্বিরের হাতে লোপ্পা ক্যাচ তুলে দেওয়ার আগে ম্যাচানের সংগ্রহ ৩৫ রান। এরপর প্রেস্টন মমসেনকে নিয়ে আরেকটি দারুণ জুটি গড়েন কোয়েতজার। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে সর্বোচ্চ ১৪১ রান। স্কটল্যান্ডের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন কোয়েতজার। নাসির হোসেনের বলে ফেলার আগে খেলেন ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস। ওয়ানডেতে স্কটিশদের পক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস। মূলত কোয়েতজারেই ‘সর্বনাশ’ বাংলাদেশের! নির্ধারিত ৫০ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৩১৮ রান।
আজ অবশ্য ফিল্ডিংটা দারুণ হয়েছে বাংলাদেশের। বিশেষ করে সৌম্য সরকারের কথা বলতেই হবে। সৌম্য একাই ধরেছেন চারটি ক্যাচ। তবে বাংলাদেশকে ডুবিয়েছে বাজে বোলিং। বাংলাদেশের বোলারদের মধ্যে যা একটু ‘মান’ রেখেছেন তাসকিন আহমেদ। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন এ ডানহাতি পেসার।
যদিও বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে। তবে নেলসনের স্যাক্সটন ওভালে এমন রান ওঠা নিয়মিত ঘটনা। এই তো কদিন আগে এ মাঠেই ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৫ রানের লক্ষ্য হেসে খেলেই পেরিয়েছে আয়ারল্যান্ড। একই মাঠে আরব আমিরাতের দেওয়া ২৮৬ রানের লক্ষ্য পেরিয়েছে জিম্বাবুয়ে। এমন উইকেটে বিশাল লক্ষ্য যে কঠিন নয়, তা নিকট অতীতে চোখ বুলিয়ে নিতে পারে মাশরাফিরা।