কঠিন পরীক্ষায় ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন্ট ব্রিজে উইকেট ছিল বিস্ময়কর রকমের মন্থর। লর্ডস আবার অবাক করা সবুজ। সাউদাম্পটনের ২২ গজ আজ কি সাজিয়ে রেখেছে?

এই মাঠে খেলা সর্বশেষ ভারতীয় দলের দুজন আছেন এবারের সফরে। যদিও দলে নন, ধারাভাষ্যকক্ষে। ২০০২ সালে ওই ম্যাচটি ছিল হ্যাম্পশায়ারের সঙ্গে স্রেফ একটি প্রস্তুতি ম্যাচ। তার পরও ম্যাচটি আলাদা করে মনে রাখার কথা সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের। উইকেট এতটাই রুক্ষ ও অসমান বাউন্সের ছিল যে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে চায়নি ভারতীয় দল!

এবারের উইকেট অমন হবে না নিশ্চিত। তবে ইংল্যান্ডের মনমতো করার চেষ্টাও চলছে বিস্তর। এমনিতে এখানকার উইকেট ব্যাটসম্যানদের হয়েই কথা বলে বেশি। কিন্তু সিরিজে ফিরতে ইংল্যান্ডের প্রয়োজন জয়। কিউরেটর তাই যথাসম্ভব সবুজই রেখে দিয়েছেন উইকেট। লর্ডসের মতো অতটা অবশ্য নয়। স্বাগতিকদের বাধা হয়ে দাঁড়িয়েছে সাউদাম্পটনের আবহাওয়াও। প্রচণ্ড গরম আর রোদে উইকেট খটখটে হওয়া থেকে বাঁচাতে হোভারকাভারে ঢেকে রাখা হচ্ছে উইকেট, শুধু পানি দেওয়ার সময়ই সরানো হচ্ছে কাভার। তবু যদি ধরে রাখা যায় উইকেটের আর্দ্রতা!

অনেকেই অবশ্য বলতে পারেন, ধরে রাখলেই বা কী! লর্ডসে আউটফিল্ডের মতো সবুজ উইকেটে টস জিতে ভারতকে ব্যা​টিংয়ে পাঠিয়েও ফায়দা নিতে পারেনি ইংল্যান্ড। বরং বুমেরাং হয়ে ওঠা উইকেটে হেরেছে স্বাগতিকেরা। মাঠের ভেতর-বাইরের নানা ঘটনাপ্রবাহ আর বাজে ফর্মে ইংল্যান্ডের সিরিজ বাঁচানোই এখন মনে হচ্ছে অসম্ভব। অধিনায়কের ব্যাটে রান নেই। নেতৃত্ব নিয়েও চারপাশ থেকে বিঁধছে সমালোচনার কাঁটা। রান নেই অভিজ্ঞ ইয়ান বেলের ব্যাটেও। দুই তরুণ জো রুট আর গ্যারি ব্যালান্সই যা টানছেন দলকে। এর মধ্যেই চোটের কারণে হারাতে হয়েছে অভিজ্ঞ ম্যাট প্রায়রকে। উ​ইকেটের সামনে-পেছনে নির্ভরতাই শুধু নয়, ড্রেসিংরুমেও প্রায়রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আজ তাঁর জায়গায় অভিষেক হচ্ছে জস বাটলারের। দারুণ প্রতিভাবান আক্রমণাত্মক উইকেটকিপার-ব্যাটসম্যানকে নিয়ে দারুণ উচ্চাশা ইংল্যান্ডের ক্রিকেট মহলে। ইংলিশরা তাঁর মাঝেই খুঁজছেন অ্যাডাম গিলক্রিস্টের ছায়া। দেখা যাক, বাটলারের ছোঁয়া আদৌ কিছুটা বদলাতে পারে নাকি দলকে! ইংল্যান্ড দলে পরিবর্তন হতে পারে আরও একটি। ব্যাট হাতে চূড়ান্ত বাজে ফর্মে থাকা বেন স্টোকসের বদলে ঢুকতে পারেন ক্রিস জর্ডান বা ক্রিস ওকস। যদিও বোলিং ফর্মের বিবেচনায় আরেকটি সুযোগ পেতে পারেন স্টোকস​ও।

ভারতের এটি ইংল্যান্ড সফরে আসা সবচেয়ে তরুণ দলগুলোর একটি। কিন্তু তরুণদের দুর্দান্ত পারফরম্যান্স আর ইংল্যান্ডের বাজে পারফরম্যান্স মিলিয়ে সেই দলই এখন স্বপ্ন দেখছে সিরিজ জয়ের। ওপেনিংয়ে নতুন জন্ম হয়েছে মুরালি বিজয়ের। ব্যাটে-বলে ভুবনেশ্বর কুমার তো এই সিরিজের বিপ্লব। মিডল অর্ডারে অজিঙ্কা রাহানে হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক। সব মিলিয়ে এই সিরিজ উপহার দিচ্ছে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ছবি। বর্তমান প্রাপ্তির হাতছানি তো আছেই। একাদশও তাই আরেকটু পোক্ত করতে চাইছে ভারত। প্রথম টেস্টে ম্যাচ বাঁচানো দুর্দান্ত এক ইনিংস খেললেও দ্বিতীয় টেস্টে ভালো করতে পারেননি স্টুয়ার্ট বিনি। তাঁর বোলিংয়েরও খুব একটা প্রয়োজন হয়নি। আজ তাই এই অলরাউন্ডারের বদলে একাদশে ঢুকতে পারেন রোহিত শর্মা। ক্যারিয়ারের প্রথম দুই টেস্ট ইনিংসে দেশের মাটিতে সেঞ্চুরি করলেও পরের ৮ ইনিংসে দেশের বাইরে পঞ্চাশ ছাড়াতে পেরেছেন মাত্র একবার (৭২)। রোহিতের জন্য তাই এই টেস্ট একরকম পরীক্ষা।

সবচেয়ে বড় পরীক্ষা অবশ্য কুক ও ইংল্যান্ডের। ব্যাট হাতে আরেকটি ব্যর্থতা, দলের আরেকটি হার শুধু দুঃসময়কেই দীর্ঘায়িত করবে না, অধিনায়ক কুকের শেষও টেনে দিতে পারে! রয়টার্স, ক্রিকইনফো।