কঠিন মুস্তাফিজ, সহজ মুস্তাফিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

২২ গজে দুর্বোধ্য সব ডেলিভারিতে যেমন বেকায়দায় ফেলেন ব্যাটসম্যানদের, কাল মুস্তাফিজুর রহমানের মিনিট তিনেকের সংবাদ সম্মেলন শেষে তেমনই ‘বেকায়দায়’ সাংবাদিকেরা! যতই তাঁকে অনুরোধ করা হয়, ‘উত্তরগুলো যদি একটু বড় করে দিতেন...’, মুস্তাফিজের জবাব হয় তত সংক্ষিপ্ত! কখনো কখনো উত্তরের চেয়ে প্রশ্ন হয় বড়! উত্তর দিতে গিয়ে মুখে ভর করে সারল্যভরা হাসি, তা সংক্রমিত হয় সাংবাদিকদের মধ্যেও!
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মাস আটেক হলো। মাঠে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ক্রমেই, অথচ ব্যক্তি মুস্তাফিজ আছেন আগের মতোই। সংবাদ সম্মেলনে জটিল সব প্রশ্নে সহজ-সরল উত্তর। যেন বাড়ির উঠোনে পাতা চৌকিটায় বসে চারপাশে ভিড় করা উত্সক্যু মানুষের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন দু-এক কথায়। তবে সূক্ষ্ম একটা পার্থক্য বেশ চোখে পড়ে—আগের চেয়ে অনেক সপ্রতিভ, অনেক স্বতঃস্ফূর্ত।
বাংলাদেশ আরেকটি জয়োত্সবের দ্বারপ্রান্তে। জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের দারুণ সুযোগ। বাংলাদেশ কাজে লাগাতে পারবে সুযোগটা? ভবিষ্যতের কথা আগাম বলা সম্ভব নয়। তবে মুস্তাফিজ যথেষ্ট আশাবাদী, ‘আমাদের চেষ্টা আছে, দেখা যাক। শেষটাও যেন ভালো হয় সে চেষ্টা করব। আমরা সব সময় জিততে চাই।’
মুস্তাফিজ গর্বভরে বলতেই পারেন, ‘আমি আসার পর দলকে একটি ওয়ানডে সিরিজও হারতে দেখিনি, এমন ভাগ্য কজনের হয়!’ ভারত, দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ের বিপক্ষেও আরেকটি সাফল্যগাথা। একটা বিজয়ী দলের সদস্য হওয়ার পরও মুস্তাফিজের প্রতিক্রিয়া যথারীতি সংক্ষিপ্ত, ‘ভালো লাগারই কথা। তিনটা সিরিজেই ছিলাম। আমি খুশি, দলের সবাই খুশি।’
ভারতের বিপক্ষে সিরিজে উইকেট পেয়েছিলেন মুড়ি-মুড়কির মতো! তিন ম্যাচে উইকেট ১৩টি। দক্ষিণ আফ্রিকা সিরিজে পেলেন পাঁচটি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে যখন উইকেটের দেখা পেলেন, মাঝে পেরিয়েছে ৭০ বলের অপেক্ষা। এমন অভিজ্ঞতা তাঁর জন্য নতুনই। সহজে উইকেট না দিলেও ব্যাটসম্যানরা যে তাঁকে খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন, তাও নয়। এ বছর ওয়ানডেতে অন্তত ১০ উইকেট নিয়েছেন—এমন বোলারদের বোলিং গড় হিসাব করলে বাংলাদেশের বাঁহাতি পেসারের নাম সবার ওপরে। ৮ ম্যাচে ১৩.৬৬ গড়ে মুস্তাফিজের উইকেট ২১টি।
যতই কিপ্টে বোলিং করুন না কেন, উইকেটের হা-পিত্যেশ থেকেই যায়। ৭০ বলের অপেক্ষার পর অবধারিতভাবে প্রশ্নটা উঠছে, তবে কি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা পড়ে ফেলছেন তাঁকে? মুস্তাফিজের সরল স্বীকারোক্তি, ‘সব সময় উইকেট পাওয়া কঠিন। ব্যাটসম্যানরা না দিলে তো কিছু করার নেই।’
বাংলাদেশের ক্রিকেটে অর্জনের তালিকায় নতুন সংযোজন প্রথমবারের মতো টানা পাঁচ সিরিজ জয়। এমন মাহেন্দ্রক্ষণে কেমন লাগছে? অন্য রকম এক ভালো লাগা কাজ করবে, সেটাই স্বাভাবিক। সাধারণত মানুষ দুঃখের গল্প রং চড়িয়ে বলতে পারে না; আনন্দের গল্পে পারে। এ ক্ষেত্রে মুস্তাফিজ কোথায় একটু রসিয়ে কিছু বলবেন তা নয়, নির্লিপ্ত মুখে খটমট উত্তর, ‘প্রশ্নটা বেশি কঠিন হয়ে গেছে!’
কঠিন! মাঠে দলকে বিজয় এনে দেওয়ার কঠিন কাজটা যে অবলীলায় করতে পারেন, তাঁর কাছে সাফল্যের গল্প বলা ‘কঠিন’!