কঠিনেরে ভালোবাসিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

ক্রিকেট হলো এক মজার খেলা। গৌরবময় অনিশ্চয়তার খেলা। যে শ্রীলঙ্কাকে ভেবেছিলাম এবার সবচেয়ে দুর্বল, তারাই কিনা হারিয়ে দিল স্বাগতিক ক্রিকেটের জনক ইংল্যান্ডকে। আর আফগানিস্তানের দাপুটে বোলিংয়ের সামনে মহাপরাক্রমশালী ভারতের থরহরি কম্প, দেখতেও ভালো লাগছে। ক্রিকেট ইজ আ ফানি গেম। এবারের ক্রিকেট বিশ্বকাপ ম্যাড়মেড়ে হয়ে গিয়েছিল, শ্রীলঙ্কা তাকে অনিশ্চয়তার গৌরব দান করেছে। রংবাহারি চুলের লাসিথ মালিঙ্গা সে জন্য ধন্যবাদ পাবেন। হয়তো কোন পিচে খেলা হচ্ছে, হয়তো আবহাওয়া নির্ধারণ করছে লো স্কোরিং ম্যাচ হবে, নাকি হাই স্কোরিং। তবে ক্রিকেট সম্পর্কে আরেকটা কথা বলা হয়, ম্যাচ জেতান বোলাররা, নাম হয় ব্যাটসম্যানদের।

যাক, বাংলাদেশের আশা বেড়েছে। জিততে হবে জিততে হবে রব উঠেছে। আমরা সেমিফাইনালে যেতেও পারি। ক্রিকেট ম্যাচ বাই ম্যাচ খেলতে হয়। আমি বলি, বল বাই বল খেলতে হয়। একটা বলেই একজন আউট হতে পারেন। আবার এক বল থেকে এক ছক্কা, নো বলের মধ্য দিয়ে অনেক ছক্কা হতে পারে।

কাজেই আমাদের পরবর্তী মিশন, মিশন আফগানিস্তান। ভারত-আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান জানিয়ে দিচ্ছে কিছুই সহজ নয়। সত্য যে কঠিন। কঠিনেরে ভালোবাসতে হবে। আফগানিস্তানের সঙ্গে জানপ্রাণ উজাড় করে খেলতে হবে।

টি-টোয়েন্টিতে আফগানিস্তান দুর্ধর্ষ দল। তবে ওডিআইতে বাংলাদেশের সঙ্গে তাদের পেরে ওঠার কোনো কারণ নেই। কিন্তু ক্রিকেট একটা ফানি গেম। বাংলাদেশকে গেম প্ল্যানিং থেকে শুরু করে তা প্রয়োগ করার বেলায় শতভাগ সাফল্য দেখাতে হবে।

এবার আমাদের বোলারদের ঝলসে উঠতে হবে।

পাকিস্তান যেবার চ্যাম্পিয়ন হয়েছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ইমরান খান বলেছিলেন, ‘এটা একটা ইঙ্গিত, তার মানে, খোদা চান আমরা চ্যাম্পিয়ন হ‌ই।’ শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে যেন আমাদের বলা হচ্ছে, হবে, আশা আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভস।

জাগো বাংলাদেশ, চলো বাংলাদেশ, জ্বলে ওঠো বাংলাদেশ। কোনো দলই অপরাজেয় নয়। কোনো ফলই অবশ্যম্ভাবী নয়।

২০১৮ সালের নভেম্বরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সাময়িকীতে আমি সাকিব আল হাসানের সাক্ষাৎকার নিয়েছিলাম। সাকিব বলেছিলেন, ছোটবেলাতে, এমনকি বড়বেলাতেও লুডু খেলাতে তিনি হার মানতে চান না। তাঁর আছে একরোখা জেদ। বিশ্বকাপে ভালো করতে হবে, এ জন্যই তিনি ওজন কমিয়েছেন। আইপিএলের দিনগুলোতে দ্রোণাচার্যকে সঙ্গে নিয়ে অর্জুনের মতো প্রশিক্ষণ নিয়েছেন এবং খেলায় তিনি মনঃসংযোগ করেছেন। তিনি আমাকে বলেছিলেন, আপনি কিন্তু প্রতিদিন খেলার মধ্যে ইন করতে পারেন না। কোনো কোনো দিন পারেন। আমি আমাদের পুরো টিম এবং পরিকল্পকদের বলব, প্রতিটা খেলায় শতভাগ দিন। শতভাগ ইন করুন। জয় আমাদের হবেই।

গতকাল আফগানিস্তান-ভারতের খেলার ফল আপনারা জানেন। এ লেখা পর্যন্ত আমি জানি না। তবে শ্রীলঙ্কার ইংল্যান্ড-বধের খবর আপনাদের মতো আমিও উপভোগ করেছি। বিশ্বকাপ জমে উঠেছে। এখন এই জমজমাট কাপটি আমাদের চুম্বনযোগ্য করে তোলার পালা।