কত দিন পর মুমিনুল!

দিন-তারিখের হিসেবটা একটু বিভ্রান্ত করতে পারে। সর্বশেষ কবে মুমিনুল ফিফটি পেয়েছিলেন, সেটা মনে করতেও একটু হয়তো ভাবতে হবে। সময়ের হিসেবে তো পাক্কা এক বছর পাঁচ মাস পেরিয়ে গেছে। কিন্তু সংখ্যা বলছে, মাত্র চার টেস্টই ফিফটি পাননি মুমিনুল। সর্বশেষ সেই হাসি হেসেছিল পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে। অবশেষে সেই ‘খরা’ ঘোচালেন আজ, মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পেয়ে গেলেন নবম ফিফটি। সেটিকে পঞ্চম সেঞ্চুরিতে নিতে পারবেন কি না, সময়ই বলে দেবে।
ওয়ানডে-টি টোয়েন্টি দল থেকে অনেক দিন ধরেই ব্রাত্য। টেস্টের জন্যই তাই তৃষিত হয়ে থাকতে হয় বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যানকে। সেই অপেক্ষারও এবার অনেক দিন কেটে গেছে, প্রায় ১৫ মাস পর আবার দেশের হয়ে সাদা পোশাকে খেলতে নেমেছেন। পয়া মাঠ চট্টগ্রামে সেই ফেরাও সুখকর হয়নি। প্রথম ইনিংসে কোনো রান না করেই আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসের ২৭ রান অবশ্য পরিস্থিতি অনুযায়ী অনেকই মূল্যবান ছিল।
কিন্তু সেটা তো মুমিনুলকে তৃপ্তি দিতে পারবে না। ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টের ১৩টিতেই যাঁর অন্তত একটা হলেও ফিফটি আছে, তাঁর তো তৃপ্ত হওয়ারও কথা নয়। আজ শুরুটাও ছিল আশা জাগানিয়া। নিজের প্রথম স্কোরিং শটেই ক্রিস ওকসকে ফ্লিক করে মারলেন দারুণ একটা চার। ওকসের ওই ওভারেই এল আরেকটি চার। ও প্রান্তে সতীর্থ তামিমও খেলছিলেন দারুণ, মুমিনুলের আত্মবিশ্বাসের পালে সেটা হয়তো আরও জোর হাওয়া দিয়েছে। রশিদকে ডাউন দ্য উইকেটে এসে চার মেরে ফিফটি পেয়ে যাওয়া তো সে কথাই বলছে। শেষ পর্যন্ত অবশ্য ৬৬ রান করে মঈন আলীর বলে আউট হয়ে গেছেন। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি না পাওয়ায় নিশ্চয় আফসোস থাকবে!
১৯ টেস্টের ক্যারিয়ারে ৫৫.১০ গড়। ৪টি সেঞ্চুরি, ১০ ফিফটি। মুমিনুল আফসোস করতেই পারেন, কেন যে বাংলাদেশ এত কম টেস্ট খেলে! এ বছরের শেষে এসে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে হচ্ছে তাঁকে! সেটিও দুই ম্যাচ! ২০১৭ সালেও বাংলাদেশের সূচিতে টেস্ট আছে মাত্র তিনটি। পুরো বছরে দুই-তিন ম্যাচ খেলার জন্য নিজেকে উজ্জীবিত করে রাখাও তো কঠিন কাজ।
মুমিনুল সেটি নিয়মিতই করে যাচ্ছেন। শুধু তো উজ্জীবিতও না, দীর্ঘ দিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার মরচেও ধরতে দিচ্ছেন না কিছুতেই। মুমিনুল এই আফসোসও করতে পারেন, কেন যে আমাকে ওয়ানডে দলে ডাকা হয় না!