কত বড় মাঠ!
সাবেক অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেইডেন নিজের এক কলামে ‘সংশয়’ প্রকাশ করেছেন, এমসিজির মতো ‘বড় মাঠে’ খেলতে গিয়ে না সমস্যায় পড়ে কিউইরা! ইডেন পার্কে যেসব ৬ হয়েছে, সেসব এমসিজিতে তিন-চতুর্থাংশ দূরত্বেই ক্যাচ হবে! তবে কিউই সমর্থকেরা হেইডেনকে পাল্টা খোঁচা মারা শুরু করেছেন। টুইটারে ‘এমসিজি কত বড়’ হ্যাশট্যাগে একেকজন টুইট করছেন! কেউ বলছেন, ‘এমসিজির মাঠে কোনো দর্শক ঢুকে পড়লে অর্ধেক পথে একটা “ড্রিংকস-ব্রেক”-এর প্রয়োজন হবে।’ কেউ খোঁচা দিয়েছেন ডেভিড বুনের ৫২টি বিয়ার খাওয়ার ‘রেকর্ড’কেও, ‘এমসিজির একদিক থেকে অন্যদিকে হেঁটে যেতে যেতে ডেভিড বুন ৫২টি বিয়ার খেতে পারেন।’ বিচিত্র তত্ত্বও দিয়েছেন কেউ, ‘এমসিজির ফ্লাড লাইট আদতে লাইট নয়, অন্য কোনো গ্যালাক্সির সূর্য।’ কেউ এমসিজির আকার ও ভৌগোলিক অবস্থান নিয়েও ‘উপমা’ দিয়েছেন, ‘টেক্সাস রাজ্য এমসিজির মাঝে দুবার ঢুকে পড়তে পারে।’ আহা হেইডেন! ‘কত বড়’ কথাই না আপনি বলেছেন! দ্যাটস ক্রিকেট।