কত রান করলে নিরাপদ বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
প্রথম দিনের ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। ছবি: প্রথম আলো
প্রথম দিনের ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। ছবি: প্রথম আলো
• শেরেবাংলায় দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়া দলগুলোর গড় স্কোর ২৯৭.৮৩
• জয়, হার কিংবা ড্র মিলিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করা দলগুলোর গড় স্কোর ২৪৭.৮৩

টেস্টের প্রথম দিনেই ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করা কি সম্ভব? খুবই কঠিন কাজ। মিরপুর টেস্টের কথাই ধরুন, দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২২২ রানে অল আউট করেছে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে এখন নিজেরাই দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায়! প্রথম দিন শেষে স্কোর বোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৬। এ পরিস্থিতিতে মিরপুর টেস্টের কপালে কী লেখা আছে?

লেখার অদৃশ্য সেই কলমটা এখন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের হাতে। অপরাজিত থেকে দিন শেষ করেছেন এ দুই ব্যাটসম্যান। কাল তাঁদের ওপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ভবিষ্যৎ নির্ভর করছে। সে ক্ষেত্রে এই স্পিনবান্ধব উইকেটে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ঠিক কত রান করলে চতুর্থ ইনিংসে একটু স্বস্তি পাবে? প্রথম দিনের নায়ক আবদুর রাজ্জাক কিন্তু চতুর্থ ইনিংসের বিপদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রথম দিন শেষে তাঁর ভাষ্য, ‘চতুর্থ ইনিংসে ব্যাটিং করা তো আসলেই কঠিন। অন্তত এ ইনিংসের চেয়ে বেশি কঠিন হওয়ার কথা।’
এ মাঠে তৃতীয় ইনিংসে এ পর্যন্ত ১৫ বার ব্যাট করেছে দলগুলো। তার মধ্যে ১০ বার অল আউট হওয়ার নজির আছে। শেরেবাংলায় যে উইকেটে এ টেস্ট হচ্ছে, সেটা তো একধরনের ‘মাইনফিল্ড’—মানে, ব্যাটসম্যানদের বধ্যভূমি! ধরে নেওয়া যাক, তৃতীয় ইনিংসে শ্রীলঙ্কাও অল আউট হবে। সে ক্ষেত্রে অল আউট হওয়া আগের ১০টি ইনিংসের গড় স্কোর দেখলে লঙ্কানদের সম্ভাব্য স্কোরের ব্যাপারে ধারণা মেলে। এ মাঠে তৃতীয় ইনিংসে অল আউট হওয়া ১০টি ইনিংসের গড় স্কোর ২৪২।
আর চতুর্থ ইনিংসে এ পর্যন্ত ১১ বার ব্যাট করেছে দলগুলো। জয়, হার কিংবা ড্র মিলিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করা দলগুলোর গড় স্কোর ২৪৭.৮৩। সর্বোচ্চ ৪১৩ রানের ইনিংস, এই শ্রীলঙ্কার বিপক্ষেই ২০০৮ সালে বাংলাদেশের। ৫২১ রান তাড়া করতে নেমে সে ম্যাচ ১০৭ রানে হেরেছিল স্বাগতিকেরা। চার বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ এ মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১০১ রান তাড়া করে জিততে পেরেছে, সেটাও ৭ উইকেট হারিয়ে। উইকেটের যে অবস্থা, এ টেস্ট ড্র হওয়ার কোনো সম্ভাবনাই নেই বরং চার দিন খেলা যায় কি না, এ নিয়েই সন্দেহ আছে!
চতুর্থ ইনিংসের সেই সম্ভাব্য বিপদ যত দূর এড়ানো সম্ভব দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দিয়ে। মাহমুদউল্লাহর দল ইতিমধ্যেই সে পথ থেকে ছিটকে পড়ার পথে। তবে মিরাজ-লিটন কিংবা মাহমুদউল্লাহ-সাব্বিরদের মধ্যে অন্তত দুজন রুখে দাঁড়াতে পারলে কালকের দিনটা পার করে দেওয়া সম্ভব। সে ক্ষেত্রে চতুর্থ ইনিংসের চাপ কিছুটা হলেও কমানো সম্ভব। তার আগে অবশ্য শ্রীলঙ্কাকে তাঁদের দ্বিতীয় ইনিংসে দ্রুত অলআউট করতে হবে।
শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত ১২ বার অলআউট হয়েছে দলগুলো। গড় স্কোর ২৯৭.৮৩। এর বাইরে তিনটি ইনিংসে ‘ডিক্লেয়ার’ করেছে দলগুলো। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের যেহেতু অলআউট হওয়ার আশঙ্কাই বেশি, তাই ‘ডিক্লেয়ার’ করা ইনিংসগুলো বিবেচনায় আসেনি। এ মাঠে দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়া দলগুলোর গড় স্কোরই বলছে যে কাল চোয়ালবদ্ধ লড়াইয়েই নামতে হবে মিরাজ-লিটনকে।