কত রানে ইনিংস ঘোষণা করবে ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋদ্ধিমান, ফিরেই সেঞ্চুরির পথে। ছবি: এএফপি
ঋদ্ধিমান, ফিরেই সেঞ্চুরির পথে। ছবি: এএফপি

অবশেষে ‘সফল’ একটা সেশন কাটাল বাংলাদেশ। ৩২ ওভারে ১৪৩ রান হওয়ার পরও দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটাকে সফল বলতেই হচ্ছে। হায়দরাবাদ টেস্টে এই প্রথম কোনো সেশনে ২ উইকেট ফেলতে পারলেন যে বাংলাদেশের বোলাররা! এই ‘সাফল্যের’ পরও ভারতকে আটকে রাখতে পারছে না বাংলাদেশ। চা-বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে ৬২০ রান করেছে ভারত।

চা বিরতির পরও ভারত ব্যাটিং করে যাচ্ছে। খুব সম্ভবত ঋদ্ধিমান সাহার সেঞ্চুরির জন্য অপেক্ষা করছেন বিরাট কোহলি। এই টেস্টে ফিরে আসা ঋদ্ধি এই প্রতিবেদন লেখার সময় ৮৭ রানে অপরাজিত ছিলেন।
এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য বিরাট কোহলিকে ফেরানো। আম্পায়ার মারাইস ইরাসমাসের ভুল সিদ্ধান্তে আউট হয়েছেন কোহলি। তাইজুল ইসলামের বলে এলবিডব্লু হওয়ার আগেই নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরিটা পেয়ে গেছেন। করেছেন বিশ্ব রেকর্ডও, টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করে পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড় ও ডন ব্র্যাডম্যানকে।
কোহলি ফেরার পর স্বস্তিটা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান ষষ্ঠ উইকেট জুটিতে তুলেছেন ৭৪ রান। মেহেদী হাসান মিরাজের বলে অশ্বিন ফেরার পরও লাভ হয়নি, বাংলাদেশের হতাশা বাড়িয়েই যাচ্ছেন জাদেজা-ঋদ্ধিমান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ভারতের স্কোর ৬৩৬। ভারত কখন ইনিংস ঘোষণা করে, সেটাই এখন দেখার। ক্লান্ত-বিধ্বস্ত বাংলাদেশকে আজই ব্যাটিংয়ে নামিয়ে দিতে পারেন কোহলি।