কত রানের লিড নিরাপদ?

চতুর্থ দিনের চা বিরতি। আপাতত ৮২ রানের লিড বাংলাদেশের। হাতে ২ উইকেট। বাংলাদেশের কত রানের লিড পেতে পারে বলা কঠিন। চতুর্থ দিনের উইকেটে নাথান লায়ন যেন সাপের ছোবল হানছেন। কত রানের লিড নিরাপদ হতে পারে বাংলাদেশের জন্য?
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অতীত রেকর্ড দেখে কিছু অনুমান করা কঠিন। এ মাঠে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার দুটি রেকর্ড আছে। একটি ৩১৭ রানের। ২০০৮ সালে বাংলাদেশের দেওয়া এই লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ২০০৬ সালে বাংলাদেশের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য লঙ্কানরা পেরিয়ে গিয়েছিল ৮ উইকেট হাতে রেখে।
অস্ট্রেলিয়াকে হারাতে হলে দ্বিতীয় ইনিংসে তাদের অলআউট করতেই হবে বাংলাদেশকে। এ মাঠে হওয়া ১১টি চতুর্থ ইনিংসের মধ্যে ৫টিতে দলগুলো অলআউট হয়েছিল। সেই স্কোরগুলো হচ্ছে:
বাংলাদেশ: ৩৩১ বনাম ইংল্যান্ড, ২০১০। ফল: ড্র
বাংলাদেশ: ৩০১, বনাম শ্রীলঙ্কা, ২০১০। ফল: বাংলাদেশ পরাজিত
বাংলাদেশ: ২৬৩, বনাম ইংল্যান্ড, ২০১৬। ফল: বাংলাদেশ পরাজিত
জিম্বাবুয়ে: ২৬২, বনাম বাংলাদেশ, ২০১৪। ফল: বাংলাদেশ জয়ী
বাংলাদেশ: ১৫৮, বনাম শ্রীলঙ্কা, ২০০৯। ফল: বাংলাদেশ পরাজিত
বাংলাদেশ দলের কৌশল দেখে মনে হয়েছে, এই টেস্ট তারা ড্র করার লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিল। মেহেদী মিরাজকে ধরলে দলে নয়জন ব্যাটসম্যান। উইকেটও প্রথম তিন দিন নিরীহই মনে হয়েছে। ১-০-তে এগিয়ে থেকে এই টেস্ট ড্র করাতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ জয়, এটিই হয়তো পরিকল্পনায় ছিল বাংলাদেশের। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ এখন অস্ট্রেলিয়ার হাতেই।