কথা উঠে গেছে শাস্ত্রীকে নিয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী

চতুর্থ ইনিংসে ১৭৬ তাড়া করতে নেমে ১১২ রানেই অলআউট! অথচ এই ভারতই প্রথম ইনিংসে লিড পেয়েছিল ১৯২ রানের। গল টেস্টে শ্রীলঙ্কার কাছে ভারতের হারের ধরনে বেজায় চটেছেন সাবেক ভারতীয় খেলোয়াড়েরা। কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার বিরাট কোহলির দলকে পরামর্শ দিয়েছেন ‘বড় বড় কথা’ বাদ দিয়ে ভালো খেলার দিকে মনোযোগী হওয়ার। গাভাস্কার অবশ্য একটু রেখেঢেকে বলেছেন। তবে সাবেক অলরাউন্ডার কীর্তি আজাদ একেবারে ধুয়ে দিয়েছেন ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রীকে। শাস্ত্রীর দর্শনই ভারতীয় দলের ক্ষতি করছে বলে ইঙ্গিত করেছেন আজাদ।
ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায়—নতুন টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকেই কথাটা বলে আসছেন বিরাট কোহলি। বলেছেন দলের পরিচালক রবি শাস্ত্রীও। কিন্তু আক্রমণাত্মক ক্রিকেটের নামে বাজে হারের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। গলে মহানাটকীয় টেস্টে ৬৩ রানে হারের পর তাই খুবই হতাশ গাভাস্কার। এনডিটিভিকে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা টেস্টে ভারতের সবচেয়ে বাজে হারগুলোর একটা। যখন এত বড় লিড পাবেন, স্বভাবতই জয়টাই প্রত্যাশিত। কিন্তু বড় লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে বোলিং-ব্যাটিং দুটিই খুব বাজে হয়েছে ভারতের। শ্রীলঙ্কাকে ভালো বল করতে পারেনি, চতুর্থ ইনিংসে নিজেদের ব্যাটিংয়েও খারাপ হয়েছে।’
কোহলির দলকে তাই গাভাস্কারের পরামর্শ, ‘আক্রমণাত্মক ক্রিকেট, পরীক্ষামূলক ক্রিকেট—এসব কথা বলা বন্ধ করে খেলার দিকে মনোযোগ দিতে হবে। আসল খেলাটা খেলতে হবে। আমরা কী ধরনের ক্রিকেট খেলব, সেটা তো জনে জনে বোঝানোর দরকার নেই। এমন ক্রিকেট খেলতে হবে, যা পুরো দলের সঙ্গে যায়, যা কন্ডিশন, প্রতিপক্ষ সবকিছুর সঙ্গে যায়।’
সেটা যে আক্রমণাত্মক ক্রিকেটই হতে হবে, তাও মনে করেন না গাভাস্কার, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো ক্রিকেট খেলা। সেটা আক্রমণাত্মক ক্রিকেট হোক বা রক্ষণাত্মক ক্রিকেট, কিছু যায় আসে না। দিন শেষে সবাই দলের জয়টাই দেখতে চায়।’
গালভরা বুলি আওড়ানোর কথা বলতে গিয়ে গাভাস্কার কারও নাম উল্লেখ করেননি। কিন্তু সাবেক ভারতীয় অলরাউন্ডার কীর্তি আজাদ সরাসরিই তির ছুড়েছেন দলের পরিচালক রবি শাস্ত্রীর দিকে। শাস্ত্রীর ক্রিকেট-দর্শনই ভারতীয় দলের ক্ষতি করছে ইঙ্গিত করে আজাদ বলেছেন, ‘কথা বলায় শাস্ত্রীর জুড়ি নেই। কিন্তু শুধু কথা দিয়ে তো আর ফল আসে না। এটা বিস্ময়কর নয় যে, খেলোয়াড়েরা কঠোর কাউকে কোচ হিসেবে চায় না এবং শাস্ত্রীকেই তাদের পরামর্শদাতা ও কোচ হিসেবে পছন্দ। শাস্ত্রী সবার মন রেখে কথা বলে এবং খেলোয়াড়দের অনেক স্বাধীনতা দেয়। যেটা হয়তো অন্য কেউ দেবে না।’
ভারতীয় দলের কোচ হিসেবে কাকে দেখতে চান, সেটাও জানিয়ে দিয়েছেন আজাদ, ‘রাহুল দ্রাবিড় “এ” দলের কোচ হিসেবে খুব ভালো করছে। জাতীয় দলের দায়িত্বেও তার অগ্রাধিকার প্রাপ্য এবং সে-ই সবচেয়ে উপযুক্ত।’ এনডিটিভি, ডিএনএ।