কথা ঘোরালেন আর্থার, কোহলি হতে সময় লাগবে বাবরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবর আজম গত টি-টোয়েন্টিতে ৯০ রানের ইনিংস খেলেছেন। ছবি: এএফপি
বাবর আজম গত টি-টোয়েন্টিতে ৯০ রানের ইনিংস খেলেছেন। ছবি: এএফপি
>মিকি আর্থার দুই বছর আগে বাবর আজমের সঙ্গে তুলনা করেছিলেন বিরাট কোহলির। এখন পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচের মূল্যায়ন কী?

এক নম্বরে বাবর আজম, ১৫ নম্বরে বিরাট কোহলি! সেটিও আইসিসির র‍্যাঙ্কিংয়ে! শুনলে প্রথম দফায় চমকে যেতেই হবে। তবে এই হিসাবে শুভঙ্করের ফাঁকি আছে। র‍্যাঙ্কিংটা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের। আর কোহলি পারতপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছুটি নেন। ব্যাটসম্যানদের মাপার আসল পাল্লা যদি হয় টেস্ট, সেই র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে কোহলি আর আঠারোতে বাবর। ওয়ানডেতে দূরত্বটা অবশ্য কাছাকাছিই। এক নম্বরে কোহলি, পাঁচে বাবর। ৫৯ ওয়ানডেতে ৫১.২৯ গড়ে ২ হাজার ৪৬২ রান করা বাবরের মধ্যে পাকিস্তানি সমর্থকেরা বড় আশা দেখেন। তবে কোচ মিকি আর্থার এই বলে সতর্ক করলেন, এখনই বাবরকে কোহলির সঙ্গে তুলনা করা ঠিক হবে না।

এই আর্থারই কিন্তু দুই বছর আগে বলেছিলেন, কোহলির সঙ্গে পাল্লা দেবেন বাবর। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও পঞ্চাশের ওপরে রান তুলে (গড় ৫৫.১৯) বাবর সেই আশাকে আরও ফুলিয়েছেন। যদিও টেস্টে সেই ঝলক দেখা যায়নি (২১ টেস্টে ৩৫.২৮ গড়ে ১২৩৫ রান, একটাই সেঞ্চুরি)। বাবর অবশ্য আশা করতে পারেন, কোহলিরও টেস্টে শুরুটা আশাপ্রদ হয়নি। কিন্তু সেসব অতীত বানিয়ে দিয়ে কোহলি অবিশ্বাস্য গতিতে ছুটছেন।

আর এই ফেরারি গতি দেখেই পাকিস্তান কোচ আর্থার বলছেন, ‘তিন ধরনের ফরম্যাটেই ও দ্রুতই বিশ্বের সেরা ৫ ব্যাটসম্যানের একজন হয়ে উঠবে। তবে আমার মনে হয়, দুই বছর আগে আমি যখন বলেছিলাম, ও প্রায় কোহলির মতোই ভালো, তখন হয়তো একটু আগাম ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলাম। বাবরকে সেই মানের ব্যাটিং দেখাতে সময় লেগেছে। দুই বছর আগে যদি ওকে নেটে দেখার অভিজ্ঞতা আপনার থেকে থাকে, বুঝবেন, ও একটা কিশোর থেকে তরুণে পরিপক্ব হয়েছে, আরও শক্তিশালী, শারীরিকভাবে আরও জুতসই হয়ে উঠেছে, ওর খেলাও দিনে দিনে আরও ভালো হচ্ছে।’

বাবর বেশি হাত তালি পাচ্ছেন এবার দক্ষিণ আফ্রিকা সফরে ধারাবাহিক খেলে। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনে কোনো ব্যাটসম্যানের জ্বলে ওঠা তার সামর্থ্যের বড় প্রশংসাপত্র। দক্ষিণ আফ্রিকান আর্থার কি আর তা জানেন না। পাকিস্তান কোচ যোগ করলেন, ‘বাবর আজমের সামর্থ্য নিয়ে আমার কখনোই সংশয় ছিল না। ও তো দিনে দিনে আগের চেয়ে আরও ভালো করছে। আর এটা ভেবে রোমাঞ্চিত লাগে, আমরা আজমের সেরাটা এখনো দেখিইনি। এই সফরে ও অবিশ্বাস্য ছিল। উপমহাদেশের বাইরে ও কেমন করে এ নিয়ে একটা সংশয় ছিল। আমার ধারণা, সেই সন্দেহ সে দূর করে দিয়েছে।’