ফিরে এলেন সেই লিটন

সেই লিটন দাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৬৮৬ রান, প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার—গত মৌসুমের কীর্তিগুলো যেন ধুলোয় মলিন! লিটন এবার হারিয়ে খুঁজছিলেন নিজেকে। নিন্দুকেরা সরব হচ্ছিল। সেই লিটন হারিয়ে গেছে।
বিকেএসপিতে তাহলে এ কোন লিটন? বিতর্ক যাদের পিছু ছাড়ছিল না, সেই আবাহনীর ইনিংসটাকে এমন রাঙিয়ে দেওয়া এই লিটন কি তবে অন্য কেউ!
না, এ সেই লিটন দাসই। শুধু ব্যাটে ফিরে এসেছে রানের ক্ষুধা, ব্যাটে শিল্পিত শটগুলো। লিটনের সেঞ্চুরির সৌজন্যেই বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে ৫ উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়ল আবাহনী। এবারের লিগের সর্বোচ্চ ইনিংস তো বটেই, প্রিমিয়ার লিগেই এটা এক ইনিংসে সর্বোচ্চ রান কিনা, বিকেএসপিতে গবেষণা চলছে তা নিয়েও। তবে একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগে এটাই সবচেয়ে বেশি রানের ইনিংস।
সেঞ্চুরি (৯৭ বলে ১০৯) করেছেন ভারতীয় বাটসম্যান দীনেশ কার্তিক, সাকিব আল হাসানের ব্যাটেও উঠেছে ঝড়। চার ছক্কায় মাত্র ২২ বলে ফিফটি। নাঈম ইসলামের বলে ওয়াইডিশ লং অনে ক্যাচ দেওয়ার আগের দুই বলে সাকিব মেরেছেন পর পর দুই ছক্কা। ফিফটি পূর্ণ হয়েছিল তারই প্রথমটিতে। ২৪ বলে ৫৭ রানের ইনিংসে উইকেটে ছিলেন ৪৪ মিনিট। তার প্রায় পুরোটাই ভরিয়ে দিয়েছেন ব্যাটিং বিনোদনে।
তবে সাকিব-কার্তিকরা এত আগ্রাসী হয়ে নাও উঠতে পারতেন, যদি না লিটন খেলতেন ওই নান্দনিক ইনিংসটা। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া আগের ম্যাচের ৪৮-ই এবারের লিগে সর্বোচ্চ স্কোর ছিল লিটনের। আজ প্রথম ফিফটি পেরোনো ইনিংস খেললেন, সেটাকেই অনূদিত করলেন সেঞ্চুরিতে।
৬৪ রানে দুই উইকেট পড়ার পর দীনেশ কার্তিকের সঙ্গে তৃতীয় উইকেটে ১৬২ রানের জুটি। ৬১ বলে আসা লিটনের প্রথম ৫০ রানেই ছিল ছয়টি বাউন্ডারি।
১২৫ বলে ১৩৯ রানের ইনিংসে পরে বাউন্ডারি মেরেছেন আরও এক ডজন। ফিফটি করার পরের ওভারেই এনামুল জুনিয়রকে পর পর দুই বলে মারেন চার আর মিড উইকেট দিয়ে একমাত্র ছক্কাটি। সেঞ্চুরিটাও করেছেন রাজকীয় ভঙ্গিতে। ব্যক্তিগত ৯৭ রানে থাকতে ফয়সাল হোসেনের বলে সুইপ শটে স্কয়ার লেগ আর মিড উইকেটের মাঝ দিয়ে চার। এক বল পর ফয়সালকে বাউন্ডারি মেরেছেন আরও একটি।
লিটনের এমন শুরুর পর শেষটা যেমন হওয়া উচিত ছিল, সাকিব-দীনেশ কার্তিক মিলে সেটাই করেছেন। রেকর্ড রান গড়ে আবাহনীও পেয়েছে বড় জয়। ২৬০ রানের জয়, সেটিও মোহামেডানের বিপক্ষে!