কথা রাখলেন সাব্বির

নিজের ভেতর থেকেই তাড়নাটা উপলব্ধি করছিলেন। প্রতিদিন আনন্দের ক্ষণগুলো আসছে বোলারদের হাত ধরে। এবার ব্যাটসম্যানদেরও কিছু করা চাই।
পরশু অনুশীলন শেষে মিরপুর ইনডোরের সামনে করা প্রতিজ্ঞাটা রাখলেন সাব্বির রহমান। তাঁকে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বলায় দেখানো বিনয়টাকেও এখন ‘কপট’ মনে হচ্ছে। সাব্বির আসলেই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। সাব্বিরই পারেন কথা দিয়ে কথা রাখতে।
চোটের কারণে লাসিথ মালিঙ্গার অনুপস্থিতি কাল নিশ্চয়ই বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে স্বস্তির ফল্গুধারা বইয়ে দিচ্ছিল। কিন্তু ২৬ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর মনে হলো, মালিঙ্গা থাকলেই কী আর না থাকলেই কী! বাংলাদেশের ব্যাটিং এত সহজে উদ্ধার হওয়ার নয়। এমনই এক ক্রান্তির মুহূর্তে হাল ধরলেন সাব্বির। যতক্ষণ মাঠে ছিলেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে ‘সাব্বির...সাব্বির’ রব ছাড়া আর কিছুই ভেসে এল না।
বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে তাঁর গতকালের ৮০ রানের চেয়ে বড় ইনিংস আছে মাত্র তিনটি। ‘লেটার নম্বর’ পাওয়াদের দলে ঢোকার জন্য সাব্বির ধন্যবাদ দিতে পারেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। ২০ ওভারের ক্রিকেটে যে তাঁর ব্যাটিংটা তিনেই বেশি জুতসই, সেটা এই শ্রীলঙ্কানেরই আবিষ্কার। কাল ম্যাচ শেষে সাব্বিরও বললেন, ‘সব সময় তিনেই খেলছি এখন। আজও (গতকাল) ওই জায়গায় নেমে চেষ্টা ছিল যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচের মধ্যে ঢুকে যেতে।’ ৮০ রানের ইনিংসে সম্ভাবনা জাগিয়েছিলেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করার। সেটা শেষ পর্যন্ত না হওয়ায় অবশ্য কোনো আফসোস নেই সাব্বিরের।
পরিসংখ্যানও বলছে, সাব্বির আসলে ওয়ান ডাউনের ব্যাটসম্যান। কালকের ম্যাচসহ এখন পর্যন্ত খেলা ১৭টি টি-টোয়েন্টির মধ্যে সাব্বির তিন নম্বরে ব্যাট করেছেন ১০টিতে। টি-টোয়েন্টিতে তাঁর ৪১১ রানের ৩১১-ই এই জায়গায় নেমে।
কাল প্রথম ৮ বলে করেছিলেন মাত্র ৩। এরপর থেকে তাঁর ব্যাট এমনই তাণ্ডুবে হয়ে উঠতে লাগল যে, শ্রীলঙ্কার ফিল্ডাররা শুধু বল আনতে বাউন্ডারির বাইরে দৌড়াতে লাগলেন। নুয়ান কুলাসেকারাকে পরপর চার বলে ৪, ৬, ৪, ৪। ষষ্ঠ ওভারে থিসারা পেরেরাকেও টানা তিন বাউন্ডারি।
শেহান পেরেরাকে ছক্কা মেরে যখন ফিফটি পূর্ণ করলেন, ততক্ষণে সাব্বির বুনো ষাঁড়। তাঁকে আটকানোর সাধ্য যেন কারও নেই! পরের দুই বলে চোখ জুড়ানো দুই বাউন্ডারি। আউট হওয়ার আগের বলেও দুষ্মান্থা চামিরার স্লোয়ার শর্ট বলে দুপা এগিয়ে ছক্কা মেরেছেন ডিপ মিড উইকেট দিয়ে। ৮০ রানের মধ্যে চার-ছক্কা থেকেই ৫৮।
ব্যাট হাতে তাঁকে এমন বেপরোয়া হয়ে উঠতে দেখে দ্বিধায় পড়ে যেতে হলো। আগের দিন ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ’ বলায় অমন লাজুকলতা হয়ে যাওয়া খেলোয়াড়টি সাব্বিরই ছিলেন তো? নাকি অন্য কেউ! সাব্বির বোঝাতে চাচ্ছিলেন, লোকে আসলে বাড়িয়ে বলছে। তিনি মোটেও টি-টোয়েন্টি বিশেষজ্ঞ নন। কয়েকটা ম্যাচ ভালো খেলছেন, এই যা।
অপর প্রান্ত থেকে সাব্বিরের ঝোড়ো ব্যাটিং দেখে মুগ্ধ সতীর্থ সাকিব আল হাসানও। মোট রানটা ১৬০ আশা করলেও ইনিংস বিরতির সময় টেলিভিশন সাক্ষাৎকারে বলছিলেন, ‘দুর্দান্ত খেলল সাব্বির। এটা তাঁর অন্যতম সেরা ইনিংস। আমাদের রানটা যে এত বেশি হলো, সেটার পুরো কৃতিত্বই তাঁর।’
ব্যাটসম্যানদের ভালো কিছু করার প্রতিজ্ঞা কিছুটা পূরণ করেছে সাকিবের ব্যাটও। তবে কথা রাখার আসল কাজটা করে দেখালেন ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ’ সাব্বিরই।