কথার ঝাঁজ থাকবেই

বোলিং পরিবর্তন করতে হবে। মাঠ সাজানো নিয়ে ভাবতে হবে। উদ্ভাবনী কিছু ভাবতে হবে, সৃষ্টিশীল কিছু করতে হবে। নিজেদের ব্যাটিং-বোলিং-কিপিং তো করতে হবেই। এর বাইরেও আগামী পরশু মাঠে আরেকটি দিকে খেয়াল রাখতে হবে মাইকেল ক্লার্ক ও মহেন্দ্র সিং ধোনিকে। মাঠে সতীর্থদের সামলানো! মাঠে যখন মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত, ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি শরীরী ভাষার উত্তেজনা আর কথার ঝাঁজও তা কম থাকে না!
এমনিতে এবারের বিশ্বকাপে স্লেজিং, কথার লড়াই খুব বেশি দেখাই যায়নি। বিশ্বকাপের আগেই আইসিসি যেভাবে হুমকি-ধামকি দিয়ে রেখেছিল, তাতে এটা অনুমিতই ছিল। কিন্তু অস্ট্রেলিয়া-পাকিস্তান কোয়ার্টার ফাইনালে স্টার্ক-ওয়াটসন-রিয়াজদের কথার লড়াই, শরীরী ভাষার প্রদর্শনী এখন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সেটির রেশ থাকতে থাকতে পরশু ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া-ভারত, সাম্প্রতিক বছরগুলোয় মাঠে সবচেয়ে উত্তপ্ত লড়াই হয়ে আসছে যে দুদলের। খেলাও আবার সেই ভেন্যুতে, সাত বছর আগে যেখানে ঘটে যাওয়া এক ঘটনায় দুদলের সম্পর্ক নেমেছিল তলানিতে।
এই সিডনিতেই জন্ম কুখ্যাত মাঙ্কিগেট কেলেঙ্কারির। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলার অভিযোগে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ভারতীয় স্পিনার হরভজন সিং। পরে শাস্তি প্রত্যাহার না হলে অস্ট্রেলিয়া ছাড়ার হুমকি দিয়ে বসে ভারতীয় দল। ঠিক করে রাখা হয় উড়ান। আইসিসি বাধ্য হয় শাস্তি প্রত্যাহার করতে। তার পর থেকে এই দুদলের প্রতিটি সিরিজই মাঠের ভেতরে-বাইরে ছড়িয়েছে উত্তেজনার বারুদ। সব শেষ বিশ্বকাপের আগেই দুদলের সিরিজে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বিরাট কোহলি, ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ও মিচেল স্টার্ক।
তাই বলে ভাবার কোনো কারণ নেই, আজ মুখ সেলাই করে নামবেন সবাই। যদিও কেউ তেমন ভেবেও থাকেন, সেটা উড়িয়ে দিয়েছেন খোদ যোদ্ধাদের একজন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার ঘোষণা দিয়েই নামছেন, ‘আমার তো মনে হয় ক্রিকেটে স্লেজিং সব সময়ই ছিল। স্লেজিং না থাকলে বুঝতে হবে কোনো সমস্যা আছে! খেলার ধরনটাই এমন। কালকেও থাকবে। সেমিফাইনাল ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই। বাক্যবিনিময় হবে, কথার লড়াই হবে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। কোনো দলই কাউকে ছেড়ে কথা বলবে না।’
ব্যাটিংয়ের মতো এখানেও সবচেয়ে এগিয়ে থাকার কথা ডেভিড ওয়ার্নারের। ব্যাটের মতো এই ওপেনারের মুখও চলে সমানে। বিশ্বকাপের আগে দুদলের টেস্ট সিরিজে তাঁকে সতর্ক করা হয়েছে, ত্রিদেশীয় সিরিজে গুনেছেন জরিমানা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড একপর্যায়ে বলতে বাধ্য হয়েছিলেন, ‘সীমা ছাড়িয়ে যাওয়া বন্ধ করতে হবে ওয়ার্নারকে।’ ব্যাটিংয়ের মতো স্লেজিংয়েও বলা চলে তিনি সহজাত। তবে বারবার সতর্কতা-জরিমানা হয়েছে, আবারও কিছু একটা করে আম্পায়ারদের নজরে পড়লে নিশ্চিত নিষিদ্ধ হবেন ওয়ার্নার। হয়তো অস্ট্রেলিয়া ফাইনালে উঠলেই খেলতে পারলেন না! সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল তাই বলছেন, এই ম্যাচে ওয়ার্নার একটু আড়ালেই থাকবেন, ‘ডেভিড ঠিক আছে। এমনিতেই এখন আর খুব বেশি মুখ খোলে না ও...।’
তবে ওয়ার্নার চুপ থাকলেও ওয়াটসনরা থাকবেন তো? মুখ চলবে হয়তো রোহিত-কোহলিদেরও। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পরশু তাই দেখা যাবে বিস্ফোরণ—ক্রিকেটীয় লড়াইয়ের, কথার লড়াইয়ের! এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।