কনওয়ের কীর্তির পর বার্নস–রুটের প্রতিরোধ

ডাবল সেঞ্চুরির করার পর সতীর্থ নিল ওয়াগনারের অভিনন্দনে সিক্ত ডেভন কনওয়ে।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম খেলোয়াড় হিসেবে লর্ডসে টেস্ট ক্যারিয়ারের প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন ডেভন কনওয়ে। কাল ইংল্যান্ড–নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনে এই গৌরব অর্জনের পর আজ দ্বিতীয় দিনে নিজের ইনিংসটিকে অনন্য এক মহিমায় রাঙালেন কনওয়ে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২০০ রান করে আউট হন ওপেনিংয়ে নামা বাঁহাতি এ ব্যাটসম্যান। ম্যাথু সিনক্লেয়ারের পর নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই ডাবল সেঞ্চুরির দেখা পেলেন কনওয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

৫৯ রান করে উইকেটে আছেন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস।
ছবি: এএফপি

কনওয়ের দুর্দান্ত এই কীর্তির পরও প্রথম ইনিংসে খুব বেশি রান করতে পারেনি নিউজিল্যান্ড। ৩৭৮ রানে অলআউট হয়েছে কিউরা। কাল প্রথম দিন শেষে ১৩৬ রানে অপরাজিত থাকা কনওয়ে আজ প্রায় একাই লড়ে দেখা পান ডাবল সেঞ্চুরির। টেস্ট অভিষেকে এর আগে ছয়জন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির মুখ দেখেছেন। সপ্তম ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় নাম লেখালেন কনওয়ে। তাঁর আগে সর্বশেষ এই নজির গড়েছেন কাইল মেয়ার্স—এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে অপরাজিত ২১০ রানের অবিস্মরণীয় ম্যাচ জেতানো ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হন কনওয়ে। ব্যক্তিগত ১৯৪ রানে ছক্কা মেরে টেস্ট অভিষেকে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। পরের ওভারেই চতুর্থ বলে ২ রান নিতে গিয়ে রানআউট হন তিনি। এর আগে ৩৪৭ বলে ১ ছক্কা ও ২২ চারের ইনিংসটি দিয়ে রেকর্ড বইয়ে ওলট–পালট ঘটিয়েছেন কনওয়ে। অপরাজিত থাকলে টেস্ট অভিষেকে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আদ্যন্ত ব্যাটিংয়ের কীর্তি গড়তেন। সেটা হয়নি বলে একটা দুঃখ থাকারই কথা।

ডাবল সেঞ্চুরি করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে।
ছবি: এএফপি

১১তম ব্যাটসম্যান নিল ওয়াগনারের সঙ্গে শেষ উইকেটে ৩৩ বলে ৪০ রানের জুটি গড়েন কনওয়ে। ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি। ১৮ রানের মধ্যে ডম সিবলি ও জ্যাক ক্রলিকে হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে এরপর আর কোনো উইকেট পড়তে না দিয়েই দিনের খেলা শেষ করেছেন ওপেনার ররি বার্নস ও অধিনায়ক জো রুট। দিন শেষে তাঁদের রান ২ উইকেটে ১১১। বার্নস ৫৯ ও রুট ৪২ রান করে উইকেটে আছেন।