
মাগরিবের নামাজের বিরতিতেই মানিক মিয়া অ্যাভিনিউ ভাঙা হাট। দুপুর থেকে মঞ্চের সামনে থাকা দর্শকদের ভিড়টা টুকরো টুকরো হয়ে ঘরমুখো। অথচ অনুষ্ঠান তখনো শেষ হয়নি। ঘোষিকা মাত্রই বললেন, নামাজের পর আবারও ঝংকার উঠবে গিটার-কিবোর্ডে।
আসলে বিশ্বকাপফেরত জাতীয় ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানটিকে বিসিবি যতই কনসার্টে বন্দী করতে চাক না কেন, দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্রিকেটাররাই। তাঁদের দেখার অপেক্ষাতেই ভরদুপুরেও রোদের মধ্যে বসে বা দাঁড়িয়ে গান শুনেছেন সবাই। সেই অপেক্ষা শেষ হতেই গরম একটু কমে আসা সন্ধ্যায়ও গান বাদ দিয়ে ধরলেন বাড়ির পথ। মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহদের সামনে থেকে দেখার স্মৃতি সঙ্গী হলো তখন। প্রিয় ক্রিকেটারদের আলোয় আলোকিত মঞ্চকে পটভূমি বানিয়ে তোলা অসংখ্য সেলফি স্মৃতিটাকে জীবন্ত রাখবে অনেক দিন।
কোয়ার্টার ফাইনালে ওঠার সাফল্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য হয়ে উঠেছে সেরা বিশ্বকাপ। ক্রিকেটারদের আরও উৎসাহ দিতে বিশেষ অর্থ পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নাকি গণভবনে ডাকবেন জাতীয় দলকে। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে ফেরত আসাটা ঘটা করে ‘গণসংবর্ধনা’ দেওয়ার উপলক্ষ কি না, সে এক আলোচনার বিষয়ই বটে। আর সংবর্ধনা তাজা তাজা হলেও কথা ছিল। দল দেশে ফেরার ২০ দিন পর রাজপথ আটকে, বাদ্য বাজিয়ে, আতশবাজি পুড়িয়ে এমন সংবর্ধনার অন্তর্নিহিত উদ্দেশ্য যে কী, সেটা বিসিবিই ভালো জানে।
এ নিয়ে ক্রিকেটারদের প্রতিক্রিয়াও মিশ্র। একজন তো এমনও বললেন, ‘এটা দেশে ফেরার পর পর হলে ভালো হতো। এখন আরেকটা সিরিজ চলে এসেছে সামনে। সবার দৃষ্টি সেদিকেই থাকা উচিত।’ তরুণ ক্রিকেটাররা অবশ্য উপভোগই করেছেন অনুষ্ঠান। সৌম্য সরকার বলছিলেন, ‘আমার তো খুবই ভালো লেগেছে। অনেক মানুষ ছিল...আমার জন্য ঢাকায় এ ধরনের অভিজ্ঞতা এই প্রথম।’ কখনো হাজার পাঁচেক দর্শকের মিলিত কণ্ঠে নিজের নামে উল্লাসধ্বনি, কখনো বা পেছনের এলইডি পর্দায় বিশ্বকাপের মুহূর্ত—নতুন অভিজ্ঞতা সবই।
সৌম্যের ক্ষেত্রে অবশ্য পরেরটা হলো না। অতিথি উপস্থাপক হয়ে মঞ্চে আসা আতহার আলী খান যখন অনেক বিশেষণে ভূষিত করে তাঁকে মঞ্চে ডাকলেন, কারিগরি-বিভ্রাটে এলইডি পর্দায় কিনা ভেসে উঠতে লাগল সাব্বির রহমানের চার-ছক্কার ভিডিও! সেটা আবার অদেখা থেকে গেল সাব্বিরেরই। বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। অনুপস্থিত আর একমাত্র ক্রিকেটার আইপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসান।
বিসিবির আয়োজনে অনুষ্ঠান, তাই বিসিবিই ঠিক করে রেখেছিল ক্রিকেটারদের কারা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাবেন। এ তালিকায় কিছু অচেনা মুখের উপস্থিতি কৌতূহল জাগিয়েছে। বিসিবির আমন্ত্রণে ক্রিকেটারদের অভিনন্দন জানাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে এসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ক্রীড়াঙ্গন ও ক্রীড়াঙ্গনের বাইরের অনেক বিশিষ্ট জন। ছিলেন পুলিশ-র্যাবের শীর্ষ কর্তারাও। সবার শেষে ক্রিকেটারদের মাল্যভূষিত করেন বিসিবির সভাপতি ও পরিচালকেরা।
এত কিছুর মধ্যে বিশেষভাবে লক্ষণীয় ছিল বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতি। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের পর প্রকাশ্যে আম্পায়ারিংয়ের সমালোচনা করে আলোচনার ঝড় তুলেছিলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি নাকি আমন্ত্রণই জানায়নি মুস্তফা কামালকে! অবশ্য বিসিবির কারও কাছ থেকেই নিশ্চিত হওয়া যায়নি বিষয়টা। ফোন ধরেননি মুস্তফা কামালও।
অথচ কাল বিসিবি সভাপতির বক্তব্যেও প্রায় এসে যাচ্ছিল ভারত ম্যাচের প্রসঙ্গ। মাইক্রোফোন হাতে একটু আবেগপ্রবণ হয়ে বলে ফেললেন, ‘আমাদের আরও সামনে যাওয়ার কথা ছিল...(বিশ্বকাপে)। কিন্তু আমরা ক্রিকেটের লোক, ক্রিকেটের ভাষায়ই জবাব দেব। সামনে ভারত আসবে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাও আসবে। আমরা সবাইকে বুঝিয়ে দেবে বাংলাদেশকে হারানো এত সহজ নয়।’
নেমেসিস, ক্রিপটিক ফেট, মাইলস, ওয়ারফেজ ও অর্থহীন ব্যান্ডের পরিবেশিত দুই পর্বের কনসার্টের মাঝে ক্রিকেটারদের সংবর্ধনা-পর্বটা হয়েছে খুবই প্রাণবন্ত। বিসিবি সভাপতি তো বটেই, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশ্বকাপের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা—সবার বক্তব্যই ছিল দিলখোলা। ১৯৫০-৬০-এর দশকের ক্রিকেট-স্মৃতি মনে করে এখনকার ক্রিকেটারদের কাছে প্রত্যাশার কথা জানালেন অর্থমন্ত্রী, ‘আমাদের ক্রিকেট একটা অবস্থান তৈরি করেছে। এটাকে আরও ওপরে নিয়ে যেতে হবে।’
এমন একটা আয়োজনের জন্য মাশরাফির ধন্যবাদ পেল বিসিবি। সুখে-দুঃখে পাশে থাকায় কণ্ঠে কৃতজ্ঞতা ঝরে পড়ল দর্শক-সমর্থকদের প্রতিও। আর বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, ‘শুধু ম্যাচ জিতলে নয়, আমরা ম্যাচ হেরে গেলেও উনি ফোন করে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে সাহস দিয়েছেন। আমরা জানি, আমাদের খেলার সময় উনি আমাদের জন্য দোয়া করেন। আশা করব, ভবিষ্যতেও একইভাবে তিনি আমাদের পাশে থাকবেন।’
থাকবে ১৬ কোটি জনতাও, যদি এলইডি পর্দায় ভেসে ওঠা ‘তোমরাই আমাদের অহংকার’ কথাটাকে বারবারই সত্যি প্রমাণ করতে পারেন মাশরাফি-মুশফিকরা।