কনে ছাড়া বিয়েতে রাজি নন শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন কিছু দেখতে চান না শোয়েব। ফাইল ছবি
এমন কিছু দেখতে চান না শোয়েব। ফাইল ছবি
এমন প্রস্তাব মোটেও ভালো ঠেকছে না শোয়েবের কাছে

ফুটবল লিগ শুরু হয়ে গেছে ইউরোপে। ক্যারিবীয় অঞ্চলে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরুর প্রস্তুতি চলছে। তবে দুটি খেলায় পার্থক্য আছে। ফুটবলে ক্লাব প্রতিযোগিতাই মূল আকর্ষণ হলেও ক্রিকেটে আন্তর্জাতিক খেলাতেই আগ্রহ বেশি। ফলে অনেক ক্রিকেট বোর্ডই মাঠে খেলা ফেরানোর বিভিন্ন উপায় খুঁজে দেখছে। এর মধ্যে একটি উপায় হলো দর্শকবিহীন মাঠে হবে সব ক্রিকেট আয়োজন।

সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ব্যাপারটা ঠিক পছন্দ হচ্ছে না। একদম খালি মাঠে দর্শকের উৎসাহ ছাড়া খেলা মনে ধরছে না তাঁর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত এই সাবেক তারকার ধারণা, এমন খেলা আর্থিকভাবেও খুব একটা সাড়া ফেলবে না। গত কিছুদিন ধরেই ইউটিউব বা হেলো অ্যাপের মাধ্যমে লাইভে এসে নিজের মতামত জানাচ্ছেন শোয়েব। দর্শকবিহীন ক্রিকেট নিয়ে তাঁর ধারণাটাও সেখানেই জানা গেল।

হেলো অ্যাপের লাইভে শোয়েব বলেছেন, 'খালি স্টেডিয়ামে ক্রিকেট আয়োজন হয়তো ক্রিকেট বোর্ডগুলোর জন্য সম্ভব হবে এবং টিকে থাকার জন্য জরুরি। কিন্তু আমার মনে হয় না এটা বাজারজাত করা সম্ভব হবে। দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা মানে হলো কনে ছাড়া বিয়ে। খেলার জন্য আমাদের দর্শক দরকার। আশা করি এক বছরের মধ্যে এই করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে।'

এর আগে বিরাট কোহলিও দর্শকবিহীন মাঠে খেলার ব্যাপারে নিজের অস্বস্তির কথা জানিয়েছেন। ইংলিশ ফাস্ট বোলার জফরা আর্চার তো মাঠে কৃত্রিম উপায়ে দর্শকের আওয়াজ সৃষ্টির প্রস্তাবও দিয়েছেন। তবু শোয়েবের মতো এতটা ভিন্ন উপায়ে খালি স্টেডিয়ামের বর্ণনা কেউ করতে পারেননি।


হ্যালো অ্যাপে শুধু ভবিষ্যত নয়, অতীত নিয়েও কথা বলেছেন শোয়েব। যা শুনে পাকিস্তানের ভক্তদের ক্ষেপে ওঠার কথা। ২০০৩ বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের হাতে বেদম পিটুনি খেয়েছিলেন। কিন্তু ৯৭ রানে থাকা শচীনকে ঠিকই ফিরিয়ে দিয়েছিলেন এই ফাস্ট বোলার। এতদিন পর বলছেন, টেন্ডুলকারকে আউট করে নাকি তাঁর দুঃখ হয়েছিল। তাঁর মনে হয়েছিল ভারতীয় ওপেনারের সেঞ্চুরি পাওয়া উচিত ছিল।