কন্ডিশনিং ক্যাম্পে ২৭ ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল। ‘এ’ দলও ওই মাসেই যাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে। এসব সামনে রেখে ২২ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বিসিবির ‘এলিট’ খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প। এই ক্যাম্পের জন্য কাল ২৭ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে।
ক্যাম্পের প্রথম দুই সপ্তাহ ফিটনেস বাড়ানোর পর্ব চলবে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের তত্ত্বাবধানে। কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এরপরই শুরু হবে স্কিল ট্রেনিং। সব মিলিয়ে ক্যাম্পটা এক মাসের হলেও মাঝপথে ক্রিকেটারদের ভাগ করে ফেলা হবে জাতীয় দল ও ‘এ’ দলে। ছুটিতে যুক্তরাষ্ট্রে থাকায় সাকিব আল হাসান ও সন্তানের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হচ্ছে বলে মাশরাফি বিন মুর্তজা ক্যাম্পের শুরুতেই যোগ দিতে পারবেন না।
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ২৮ সেপ্টেম্বর। আর ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ১৫ অক্টোবর। দুটি এক দিনের ম্যাচ ও একটি তিন দিনের ম্যাচ খেলে সেখান থেকেই তারা চলে যাবে জিম্বাবুয়ে সফরে। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
কন্ডিশনিং ক্যাম্পের ২৭ ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও আল আমিন হোসেন।