কপাল খারাপ হলে এমনই হয়!
>

• অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে মাথায় আঘাত পেয়েছেন ভিক্টোরিয়ার উইল পুকোভস্কি।
• শন অ্যাবটের বাউন্সার সামলাতে পারেননি পুকোভস্কি, উইকেটেই লুটিয়ে পড়েন।
• ২০১৪ সালে অ্যাবটের বাউন্সারেই মাথায় আঘাত পেয়ে মারা যান ফিল হিউজ।
• বাউন্সারে পুকোভস্কির মাথায় আঘাত পাওয়ার রোগটা পুরোনো।
ফিল হিউজকে এখনো কেউ ভোলেনি। শন অ্যাবট কী ভুলতে পেরেছেন? হিউজ তো মৃত্যুর কাছে হেরেছেন তাঁর এক বাউন্সারেই। তাই বলে অ্যাবট বাউন্সার মারতে কুণ্ঠাবোধ করেন না। ক্রিকেটারদের এত আবেগ থাকতে নেই। আর বাউন্সার ছাড়া পেসারদেরও ঠিক পেসার বলে মনে হয় না। শেফিল্ড শিল্ডে আজ আবারও সেই বাউন্সার মেরেই অ্যাবট ফিরিয়ে এনেছিলেন হিউজের স্মৃতি।
ভিক্টোরিয়ার মুখোমুখি হয়েছিল নিউ সাউথ ওয়েলস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন ভিক্টোরিয়ার তরুণ ব্যাটসম্যান উইল পুকোভস্কি। ১৯তম ওভারে অ্যাবটের বাউন্সার সামলাতে পারেননি ‘লিস্ট এ’ ক্যাটাগরির এই ব্যাটসম্যান। পাঁচ আউন্সের ওজনের বলটা গিয়ে ছোবল মারে পুকোভস্কির হেলমেটে। তাৎক্ষণিকভাবে উইকেটে লুটিয়ে পড়েন পুকোভস্কি। তখন কী অ্যাবটের মনটা ছ্যাঁৎ করে উঠেছিল? আবারও!
মাঠের সবাই সঙ্গে সঙ্গে ছুটে গেলেও অ্যাবটের আগে কেউ পুকোভস্কির কাছে পৌঁছাতে পারেনি। ধাতস্থ হয়ে হাঁটুর ওপর ভর দিয়ে উঠে দাঁড়াতে পুকোভস্কির কয়েক মিনিট লেগে যায়। যদিও ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না। সবার মনে তো তখন কু ডাক—কী জানি কী হয়! শেষ পর্যন্ত দলের ফিজিও এবং চিকিৎসকের সহায়তায় মাঠ ছাড়েন পুকোভস্কি।
পরে তাঁকে ম্যাচ থেকে প্রত্যাহার করে নিয়ে দলটির চিকিৎসক ট্রেফর জেমস জানান, ‘আগামী কয়েক দিন পুকোভস্কিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে। আপাতত সে কিছুটা সুস্থবোধ করলেও কয়েক দিন পর আমরা তাঁর খেলায় ফেরার ব্যাপারে নিশ্চিত করে বলতে পারব।’ পুকোভস্কিকে ম্যাচ থেকে প্রত্যাহার করে নেওয়ায় ‘কনকাশন (মাথায় চোট) সাবস্টিটিউট’ হিসেবে মাঠে নামেন ভিক্টোরিয়ার দ্বাদশ খেলোয়াড় ড্যান ক্রিস্টিয়ান। গত বছর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এ নিয়মের প্রবর্তন করা হয়।
অ্যাবট কিন্তু মাঠেই কেঁদেকেটে মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন। আম্পায়ার থেকে সতীর্থরা এমনকি ভিক্টোরিয়ার খেলোয়াড়েরা তাঁকে বুঝিয়ে-শুনিয়ে শান্ত করেছেন। বোলিংয়ে ফেরার অবশ্য আবার সেই পুরোনো অ্যাবটকেই দেখা গেছে। বাউন্সারও মেরেছেন বেশ কয়েকটি।
পুকোভস্কির এই আঘাত শঙ্কার চেয়ে তাঁর টেকনিক্যাল ত্রুটিকেই বেশি প্রশ্নবিদ্ধ করেছে। ২০ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ‘লিস্ট এ’ এবং প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে গত বছর। শেফিল্ড শিল্ডে গত বছর অভিষেকেই একইভাবে আঘাত পেয়েছিলেন পুকোভস্কি। আর আজকের আঘাতটা এ মৌসুমে তৃতীয়বারের মতো!
এর আগে জেএলটি ওয়ানডে সিরিজ এবং ফিউচার লিগেও বলের আঘাত পেয়েছেন মাথায়। কিন্তু এখানেই শেষ নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে উঠে আসার আগে পুকোভস্কি জুনিয়র ক্রিকেটেও এই ‘কনকাশন’ আঘাত পেয়েছেন!
পুকোভস্কির মাথায় আঘাত পাওয়ার সেই ভিডিও লিংক: <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/tH2vOBChm00" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>