কপাল খুলল দিনেশ কার্তিকের

এবারের আইপিএলে দুর্দান্তই খেলেছেন উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক। ১৪ ম্যাচে ৩৬.১০ গড়ে করেছেন ৩৬১ রান। এমন পারফরম্যান্সের পুরস্কার পেয়ে গেলেন তিনি। চোটাক্রান্ত মনীশ পান্ডের জায়গায় তাঁর সুযোগ হয়েছে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি দলে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, অনুশীলনের সময় পিঠের মাংসপেশিতে টান পাওয়ায় মনীশের জায়গায় কার্তিককে নিতে হয়েছে। ২০১৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়নস ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। মনীশ পান্ডের দুর্ভাগ্যই বলতে হবে। এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলে থাকলেও খেলা হয়নি তাঁর। চোটগ্রস্ত হলেও স্কোয়াড থেকে বাদ পড়ছেন না মনীশ। বিসিসিআই জানিয়েছে তাঁকে রেখে দেওয়া হবে দলের সঙ্গেই।
আইসিসির সঙ্গে দ্বন্দ্বে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সিদ্ধান্তই ভারত নিয়েছে অনেক পরে। ১৫ সদস্যের ভারতীয় দলে চোটের কারণে সুযোগ পাননি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলা ওপেনার লোকেশ রাহুল। তাঁর জায়গায় খেলছেন রোহিত শর্মা। আইপিএলে রোহিতের ফর্মটা খুব ভালো যায়নি। ১৫ ম্যাচে তাঁর রান ২৮৩। ফিফটি করেছেন মাত্র একটি। যদিও গত অক্টোবরে ভারতের হয়ে খেলা সর্বশেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষ বিশাখাপত্তনমে ৭০ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ৯৯ করার পর পরের ৪ ইনিংসে রোহিতের ফর্মটা ভালো যাচ্ছিল না। অক্টোবরে ৭০ রানের ইনিংসটির পরপরই চোটের কারণে বাদ পড়েন ভারতীয় দল থেকে।
কার্তিক ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৪ সালের এশিয়া কাপে, ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে। ভারতের এবারের চ্যাম্পিয়নস ট্রফি দলে আছেন ২০১৫ সালের পর ফেরা ফাস্ট বোলার মোহাম্মদ শামি।
আগামী ৪ জুন এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ভারত। সূত্র: এনডিটিভি।