কপিলের ন্যাড়া হওয়ার প্রেরণা ভিভ-ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাকালে এমন চেহারা কপিল দেবের। ফাইল ছবি
করোনাকালে এমন চেহারা কপিল দেবের। ফাইল ছবি

চোখে কালো চশমা। পরনে কালো স্যুট। পুরো মাথাটাই ন্যাড়া কপিল দেবের। সঙ্গে রেখেছেন দাড়ি। একেবারে নতুন চেহারায় ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই ভাইরাল। নতুন চেহারার কপিল দেবকে দেখে রীতিমতো অবাক ভক্তরা। সবাই মেতেছেন কপিলের প্রশংসায়।

করোনাভাইরাস শুরু হতেই মাথা ন্যাড়া করার একটা রেওয়াজ চালু হয়েছে বিশ্বজুড়ে। অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার কয়েকদিন আগে টুইট করে করোনাযোদ্ধাদের সম্মানে মাথা কামিয়ে ফেলার অনুরোধ করেছিলেন। তবে কি সেই আবেদনে সাড়া দিয়েই এভাবে মাথা ন্যাড়া করেছেন কপিল? উত্তরটা নিজেই দিয়েছেন হরিয়ানার হ্যারিকেন। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস আর ভারতের মহেন্দ্র সিং ধোনি—দুজনই কপিলের খুব প্রিয়। দুজনই কপিলের কাছে নায়ক। তাইতো নিজের নায়কেরা যা করেছেন, এবার সেটাই করলেন কপিল।
ন্যাড়া হওয়ার পর ভিডিও টুইটে কপিল বলেন, 'ভিভ রিচার্ডস আমার নায়ক। সে এমন করেছে। বিশ্বকাপ জেতার পর ধোনিকেও টাক হতে দেখেছি। সেও আমার নায়ক। তাই ভাবলাম আমিও কেন করব না? সুযোগটা পেয়ে এবার মাথা ন্যাড়া করে ফেললাম।'
খেলোয়াড়ি জীবনের ভিভের অবশ্য মাথায় চুল ছিল। কিন্তু অবসরের পর মাথা ন্যাড়া ভিভকেই দেখছে বিশ্ব। আর ২০০৭ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরপরই মাথা কামিয়ে ফেলেন ধোনি। এরপর ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরও মাথার চুল প্রায় ন্যাড়া করেছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
ন্যাড়া কপিলকে দেখে অবশ্য বেশ মজা পেয়েছেন ভিভ। তাইতো উল্টো টুইট করে জানিয়েছেন, ' হা. হা. হা। বন্ধু তুমি ঠিক অনুপ্রেরণাই পেয়েছো।'