কপিলের ৩১ বছর পুরোনো রেকর্ড ছুঁলেন পান্ডিয়া

একজন পেস অলরাউন্ডার হন্যে হয়ে খুঁজছিল ভারত। কপিল দেব অবসরে যাওয়ার পর থেকেই চলছে এ তল্লাশি। যে কিনা দলের প্রয়োজনে চার-ছয়ের ফুলকি ঝরাতে পারবেন। তুলতে পারবেন গতির ঝড়ও। হার্দিক পান্ডিয়া কি নিয়েই নিচ্ছেন ক্রিকেটের কিংবদন্তির সেই জায়গা? সেটা সময়-ই বলে দেবে। তবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের পর ভারত সমর্থকদের প্রত্যাশার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী হতেই পারে। কপিলের করা ৩১ বছর পুরোনো রেকর্ড আবারও করে দেখালেন পান্ডিয়া।
মাঠকে কপিল বিদায় বলেছেন ১৯৯৪ সালে। তবে তাঁর কীর্তিটার বয়স আরেকটু পুরোনো। ১৯৮৬ সালে কপিল দেব ওয়ানডেতে ব্যাটে-বলে প্রতিপক্ষকে অস্থির করে তুলেছিলেন। ৫১৭ রানের সঙ্গে উইকেট নিয়েছিলেন ৩২টি। পুরো তিন দশক ৫০ ওভারের ম্যাচে তাঁর এই রেকর্ডে কোনো কাটাছেঁড়া করতে হয়নি। এরপর আর কোনো ভারতীয় খেলোয়াড়ই যে এক পঞ্জিকা বছরে একসঙ্গে ৫ শর বেশি রান আর ৩০-এর বেশি উইকেট নিতে পারেননি।
গতকাল রোববার বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ২ উইকেট পেয়েছেন পান্ডিয়া। এতেই কপিলের রেকর্ডে নাম লিখিয়েছেন ২৪ বছর বয়সী পেস অলরাউন্ডার পান্ডিয়া। চলতি বছর ওয়ানডেতে তাঁর শিকার ৩১ জন। ২৮ ম্যাচে ৩৪.৮১ গড়ে নিজে আবার রান করেছেন ৫৫৭টি। ২০১৭ সালের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় পান্ডিয়া এখন পাঁচে। ১৯৮৬ সালে কপিলের ৫১৭ রান ও ৩২ উইকেট এসেছিল ২৭ ম্যাচে।
মজার ব্যাপার হচ্ছে, কপিলই গত বছর ১৬ অক্টোবর পান্ডিয়াকে এক দিনের আন্তর্জাতিক ম্যাচের ক্যাপ পরিয়ে দেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সেই যুবক কি জানতেন, বছর ঘুরতেই কপিলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন!