কফিনবন্দী সেই 'আগুন' জ্বলেছিলেন আজ

>হোল্ডিংয়ের ভাষায়, ভীষণ পরিশ্রমী, বিশেষ করে পা দুটোর যত্ন করত। সে জানত, ওটাই মূল। পরিপূর্ণ পেসারের কথা উঠলে ওয়াসিম আকরামের নাম থাকে আগেভাগে। মার্শাল তাঁর আদর্শ
পেসাররা শিকার করেন জুটি বেঁধে। বলের যেমন দুটি পাশ, পেসারদের পূর্ণতাও দুটিতে মিলে, লিন্ডওয়াল-মিলার, ট্রুম্যান-স্ট্যাথাম, হল-গ্রিফিথ, লিলি-থমসন, ওয়াসিম-ওয়াকার, ডোনাল্ড-পোলক, গিলেস্পি-ম্যাকগ্রা…।
ব্যতিক্রমও আছে। ওয়েস্ট ইন্ডিজের সোনালি সময়ের কথাই ধরুন। দলে পেসারদের দেখে মনে হতো নেকড়ের পাল নেমেছে! একটা সময় ছি ওয়েস্ট ইন্ডিজ দলে বিখ্যাত সেই পেস চতুষ্টয় খেলেছে—অ্যান্ডি রবার্টটস, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, কলিন ক্রফট। এরপর খেলেছেন এক সঙ্গে খেলেছেন প্যাট্রিক প্যাটারসন, ইয়ান বিশপ, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস।
এই ওভারে গার্নারের বাউন্সারে শিড়দাঁড়ায় ভয়ের স্রোত তো পরের ওভারে রবার্টসের আগুনের হলকা। দূরে দাঁড়িয়ে নিজেদের দান পাওয়ার অপেক্ষায় অস্থির পায়চারি ক্রফট ও মার্শালের।
ম্যালকম মার্শাল ছিলেন সবার মধ্যে আলাদা। শুধু উচ্চতায় নয়, আবার ‘উচ্চতা’ বিবেচনায়ও। লম্বায় বাকিদের চেয়ে খাটো, কিন্তু চার পেসারের দলে আক্রমণের শীর্ষবিন্দু। এমনকি ম্যাচেও দুই দলের খেলোয়াড়ের মধ্যে তাঁর জাতটা সেদিন চেনা গিয়েছিল আলাদা করে।
১৯৮৪, লিডস টেস্ট। সুখবর পেল ইংল্যান্ড। গালিতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতে বুড়ো আঙুলের দুটি জায়গায় ভেঙে নেন ‘ম্যাকো’। চিকিৎসক বলে দিলেন, আগামী দিন দশেকের মধ্যে ক্রিকেট মাথায় না রাখতে। অধিনায়ক ক্লাইভ লয়েড কিছু বলেননি। ম্যাকোকে তিনি জানতেন।
ল্যারি গোমেজ ৯৬ রানে অপরাজিত, সেঞ্চুরি হচ্ছে না, ও প্রান্তে সঙ্গী নেই। বাঁ হাতে প্লাস্টার নিয়ে শেষ উইকেট জুটিতে মার্শাল নামলেন ব্যাটিংয়ে। ‘ক্রিকেটের কণ্ঠস্বর’ রিচি বেনোর গলা তখনো নিরুত্তাপ। শুধু বললেন, ’ মার্শাল নামছেন হাতে প্লাস্টার নিয়ে।’ সিংহ-হৃদয়কে হয়তো তিনিও জানতেন! জানত না শুধু ইংল্যান্ড।
খোঁড়ানো গ্রিনিজ কত ভয়ংকর তা আগের টেস্টেই টের পেয়েছিল ডেভিড গাওয়ারের দল। লিডসে গোমেজের সেঞ্চুরি সেদিন শুধু ইংল্যান্ড কী স্বয়ং ক্রিকেট-বিধাতা বলে যদি কিছু থেকে থাকে তিনিও নন—শুধু ম্যাকোর এক হাতেই ব্যাটিংয়ে নামার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার জন্য।

গোমেজের সেঞ্চুরি হলো, এক হাতে একটি চারও পেলেন ম্যাকো। ইংল্যান্ডের ‘আঙুল ভাঙা’ ম্যাকো-পরিচিতির মূল অংশ তখনো বাকি। নিজেদের দ্বিতীয় ইনিংসে একটু স্বস্তিতে ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল ইংল্যান্ড। ড্রেসিংরুমের জানালা দিয়ে ক্যারিবীয়দের শরীর গরম করায় ম্যাকোকে দেখেও তাঁর বল হাতে নেওয়ার সম্ভাবনাটা হয়তো উড়িয়ে দিয়েছিলেন গাওয়াররা। ভাঙা হাতে বোলিং করবে, যাহ্! এও সম্ভব নাকি!
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২৬ ওভার বল করেছিলেন ম্যাকো। দলের জন্য সর্বস্ব নয়, তারও বেশি নিংড়ে দিতে এটুকুই তো যথেষ্ট। ম্যাকো সেই ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট।
সেই সফরেই বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে শেষ হলো অ্যান্ডি লয়েডের ক্যারিয়ার। শুরুতেই শেষ। বেচারা! পেসাররা বাউন্সার মারলে সময়মতো ‘ডাক’ করতেই পারলেই রক্ষে। বলটা মাথার ওপর দিয়ে চলে যাবে। অভিষেক টেস্ট খেলতে নামা লয়েড সেভাবে বুঝতে পারেননি, মার্শালের বাউন্সারের গূঢ় রহস্য।
মাথার ওপর দিয়ে নয়, বুকের ওপর থেকে মাথা বরাবর বাউন্সটা পেয়ে থাকেন বেশি, সেটিও ‘স্কিডি’—খেলার আগেই চোয়াল ভেঙে যেতে পারে। লয়েড ডাক করতে গিয়েও এড়াতে পারেননি। আঘাত নিয়ে সপ্তাহখানেক ছিলেন হাসপাতালে। সে মৌসুমে তাঁর প্রথম শ্রেণিতে খেলা হয়নি, ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচটাও খেলা হয়ে গেছে!
মাইক গ্যাটিং যেহেতু লয়েড নন, তাঁর কথা ভিন্ন। বলের সঙ্গে নাকের ভাঙা হাড়ের টুকরো গেঁথে ছিল। সেটি কিংস্টনে দুই বছর পরের কথা। মার্শালের বাউন্সারে নাকের হাড় ভেঙেছিল গ্যাটিংয়ের। বলটা হাতে নিয়েই ফেলে দিয়েছিলেন মার্শাল। বলে হাড়ের টুকরো গেঁথে ছিল।
গ্যাটিংয়ের সেই রক্তাক্ত বেঢপ ফুলে থাকা নাক কৌতুকের রসদ জুগিয়েছিল সংবাদকর্মীদের। ঘটনার বর্ণণা দিতে গিয়ে ইংলিশ কিংবদন্তি যখন আঙুলটা দেখাচ্ছিলেন সংবাদকর্মীদের একজনের প্রশ্ন, আপনার নাকটা কোথায়?
মার্শাল কেন আলাদা, তার সবচেয়ে ভালো ব্যাখ্যায় জোয়েল গার্নার বলেছিলেন, ’ সে যে দলের হয়েই খেলুক শতভাগ দেবে।’
হোল্ডিংয়ের ভাষায়, ভীষণ পরিশ্রমী, বিশেষ করে পা দুটোর যত্ন করত। সে জানত, ওটাই মূল। পরিপূর্ণ পেসারের কথা উঠলে ওয়াসিম আকরামের নাম থাকে আগেভাগে। মার্শাল তাঁর আদর্শ, ‘তখন ডেনিস লিলি ছিলেন। কিন্তু পরিপূর্ণ পেসার হিসেবে মার্শালকেই বেছে নেব।’
৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মার্শালের মধ্যে ছিল বাকিদের মিশ্রণ। ক্রফটের বুনো ষাঁড়সুলভ মানসিকতা, আকাশ থেকে বল ছোড়া গার্নারের লাইন, হোল্ডিংয়ের গতি আর ছান্দসিক দৌড়, এর সঙ্গে ছিলরবার্টটসের বুদ্ধিমত্তা। হাতে তুড়ি বাজিয়ে ওয়াসিমের ব্যাখ্যা, ‘মাত্র দুটি ডেলিভারিতে ব্যাটসম্যানের ভালো-মন্দ বুঝে যেতেন।’
বোলিং ক্রিজের একটু পাশ থেকে দৌড় শুরু করতেন। সুইং দিয়ে উইকেটে কোনের ব্যবহারটা জানা ছিল খোলনলচে। ভেতরে-বাইরে দুই রকম সুইং-ই ছিল। ‘লেট সুইংয়েও’ পারতেন ভেতরে-বাইরে খেলাতে। সুইং না পেলে সিমে ফেলে ভেতরে-বাইরে, ইয়র্কার, স্লোয়ার আর গতি। স্লোয়ারেও ছিল বৈচিত্র্য। ভীষণ গতির ওপর যেমন সুইং পেতেন তেমনি লেগ কাটারেও ছিল গতি বৈচিত্র্য। এই লেগ কাটার শিখেছিলেন ডেনিস লিলির কাছ থেকে।
মার্শাল শিখতে পছন্দ করতেন। ব্রিজটাউনের সৈকতে ক্রিকেটে হাতেখড়ি দাদার কাছে। তাঁর বন্ধুদের ভাষায়, অনূর্ধ্ব-১৩ দলেও তিনি ছিলেন ব্যাটসম্যান। সে সময়ই এক ম্যাচে বোলিং করে নেশা পেয়ে বসে। বাকিটা ইতিহাস। বার্বাডোজে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচ খেলেই ১৯ বছর বয়সে ডাক পান ভারত সফরে।
কেরি প্যাকার ওয়ার্ল্ড সিরিজে তখন টালমাটাল আন্তর্জাতিক ক্রিকেট। আলভিন কালিচরণের দলে ঠাঁই পেয়েছিলেন মার্শাল। ওয়ার্ল্ড সিরিজ থেকে থেকে হোল্ডিং, গার্নার, রবার্টস, ক্রফটরা ফেরার পর ওই দল থেকে টিকে গিয়েছিলেন শুধুই মার্শাল। আলাদা বলেই।
দৌড় থেকে অ্যাকশন পর্যন্ত আলাদা।’ ওপেন চেস্ট’ বা ডেলিভারির সময় পাশ থেকে নয়, বুকটা সামনে রেখে বোলিং। এই অ্যাকশনে সুইং মেলে কমই। কিন্তু হাত ঘোরানোর ভীষণ গতি আর বল গ্রিপ করায় কবজি আর বুড়ো আঙুলের ব্যবহারে আলাদা হয়ে যান মার্শাল। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালান ডেভিডসনের ভাষায়, বুড়ো আঙুল দিয়ে বলটা ধরার কিছু কৌশল ছিল মার্শালের।
ব্যাটসম্যানেরা বল ছাড়ার আগে বোলারের গ্রিপ বোঝার চেস্টা করেন সত্য। মার্শাল অ্যাকশনের শুরু করতেন কানের পেছন থেকে। বুড়ো আঙুলটা হয়তো তখনই নড়চড় করিয়ে বোকা বানাতেন ব্যাটসম্যানদের। কিংবা ভীষণ গতিতে হাত ঘোরানোর এক ফাঁকে। উচ্চতা কম হওয়ায় বাউন্সটা থাকত ব্যাটসম্যানের বুক থেকে মাথা পর্যন্ত গতিময় স্কিডে। এই স্কিডি বাউন্সারের কারণে উপমহাদেশেও সমান সফল ছিলেন মার্শাল।
তা পুঁজি করে ৮১ টেস্টে ৩৭৬ উইকেট। গড় ২০.৯৪। কমপক্ষে ৫০ টেস্ট খেলা বোলারদের মধ্যে বোলিং গড়ে মার্শালই সেরা। ১৩৬ ওয়ানডেতে ১৫৭ উইকেট, বোলিং গড় ২৬.৯৬। কাউন্টিতে হ্যাম্পশায়ারে খেলেছেন দীর্ঘদিন। দক্ষিণ আফ্রিকায় নাটালের হয়ে খেলার সময় পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছেন শন পোলাক ও জন্টি রোডসকে। মার্শাল কোথায় আলাদা নয়!
সম্ভবত জীবনকে দেখার ক্ষেত্রেও। ১৯৯৯ বিশ্বকাপ চলাকালীন কোলন ক্যানসার ধরা পড়ে। মার্শাল তখন ওয়েস্ট ইন্ডিজের কোচ। কেমোথেরাপিতে কাজ হচ্ছে না। দায়িত্ব ছেড়ে মার্শাল ফিরে যান তাঁর শৈশবের শহর ব্রিজটাউনে। আশির দশক থেকে প্রেমে মজা দীর্ঘদিনের বান্ধবী কোনিকে বিয়ে মৃত্যুর ছয় সপ্তাহ আগে। তখন তাঁর বয়স ৪১ বছর। ওজন ২৫ কেজি!
বার্বাডোজে গারফিল্ড সোবার্স জিমনেসিয়ামে হয়েছিল শেষকৃত্য। পাদ্রী হিসেবে শেষ কথাগুলো আওড়ে ছিলেন সাবেক পেসার ওয়েস হল। কফিন বহন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কেরা—ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স। কে ছিলেন সেই কফিনে? মার্শাল, বলতে পারেন ক্রিকেটের ‘আগুন’ও!
সেই কফিন বহন থেকে ঘড়ির কাঁটা ৪১ বছর পিছিয়ে দিলে আজকের তারিখটি ভেসে ওঠে। শুভ জন্মদিন, সর্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের ‘সেরা পেসার’ মার্শাল!