কবে আসছেন, কী কাজ করবেন, নিজেই জানালেন জেমি সিডন্স

সিডন্স আবার আসছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হয়েছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হয়ে ফিরছেন জেমি সিডন্স। এর আগে ২০০৭ সাল থেকে চার বছর বাংলাদেশ দলের মূল কোচ হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ানের সঙ্গে চুক্তিটা দুই বছরের বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

তবে বিসিবির সভা শেষে সেদিন নাজমুল বলেছিলেন, ব্যাটিং পরামর্শক হিসেবে সিডন্সের কাজের পরিধি, তাঁর ভূমিকা কী হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। শুধু জানা গিয়েছিল, জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক ও হাইপারফরম্যান্স দলের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন ৫৭ বছর বয়সী কোচ। সব ঠিকঠাক থাকলে সিডন্স ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করতে পারেন বলেও তখন আশা প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি।

নিজের কাজের ধরন কী হতে পারে, কবে আসবেন, আজ সেসবের কিছুটা ধারণা দিয়েছেন জেমি সিডন্স নিজেই। বাংলাদেশের ভিসা পাওয়ার খবর জানিয়ে সিডন্স ফেসবুকে নিজের পেজ থেকে ভিডিও বার্তায় কথা বলেছেন বাংলাদেশে তাঁর পরিকল্পনা নিয়েও। পরিকল্পনায় আছে গলফও।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাউন্ডহিল খাঁড়ি অঞ্চলে সিডন্স আজ প্রাতর্ভ্রমণে যান। ফিটনেস ধরে রাখার চেষ্টা আরকি! সেখান থেকে নিজের ফেসবুক পেজ ‘জেমি সিডন্স কোচিং’-এ ভিডিতে এসে বলেন, ‘মাত্রই বাংলাদেশে যাওয়ার ভিসা পেয়েছি, কোচিংয়ে আমার পরের কাজের জন্য সেখানেই যাচ্ছি। দুই বছরের চুক্তি সেখানে। সম্ভবত অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সে সময়ে আবার আসব।’

বাংলাদেশে কী কাজ করবেন, সেটিরও প্রাথমিক ধারণা দিয়েছেন সিডন্স, ‘ওখানে তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করব বলে আশা করছি। সেখানকার জাতীয় দল এবং ওদের জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করব। এই কাজটা আমার খুব পছন্দের—তরুণ ক্রিকেটারদের খেলায় উন্নতি আনতে সাহায্য করা।’

অবশ্য দুই ভাগের দায়িত্বের মধ্যে কোনটিতে বেশি সময় দিতে হবে, তা এখনো সিডন্স নিজেও নিশ্চিত নন, ‘শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না যে কোন দলের সঙ্গে বেশির ভাগ সময় কাজ করব। তবে এটা নিশ্চিত, ওদের সবচেয়ে প্রতিভাবান কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কাজ করব, তাদের খেলায় উন্নতি নিয়ে কাজ করব।’

সপ্তাহখানেকের মধ্যেই রওনা দেওয়ার পরিকল্পনা জানিয়ে সিডন্স বললেন, ‘যেটা বলছিলাম, মাত্রই ভিসা পেয়েছি। আগামী সপ্তাহের দিকে ফ্লাইটের জন্য বুকিং দেব। অর্থাৎ এ মাসের শেষ দিকে রওনা দেব। আশা করি, ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করতে পারব। এর আগেও সেখানে কাজ করেছি। খুবই ভালো লেগেছিল তখন। জানি, এবারও ভালো লাগবে।’

২০০৭ সাল থেকে চার বছর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সিডন্স
ছবি: এএফপি

বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবরও যে রাখছেন, সেটিও বোঝা গেল ভিডিওতে সিডন্সের পরের কথায়। নিউজিল্যান্ডে সাম্প্রতিক সফরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের উদাহরণ টেনে এনেছেন, তবে সেই সিরিজ থেকেই নিজের কাজের একটা দিক খুঁজে নিয়েছেন সিডন্স।

‘সাম্প্রতিক সময়ে ওরা বেশ দারুণ কিছু জয় পেয়েছে, বিশেষ করে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে। কিছুদিন আগে নিউজিল্যান্ডে প্রথম টেস্টে জয়ের কথা আলাদা করে বলতে হচ্ছে। দারুণ জয় ছিল সেটা। ব্যাটিং ও বোলিং দুটিই দারুণ হয়েছিল। এরপর দ্বিতীয় টেস্টে অবশ্য একেবারে ভেঙে পড়েছে। এমনটা কেন হলো, তা বলতে পারছি না, তবে (বাংলাদেশের ক্ষেত্রে) এমনই হয় বেশির ভাগ সময়ে। ধারাবাহিকতার অভাব থাকে। আশা করি, ওখানে যাওয়ার পর এ দিকটিতে উন্নতিতে সাহায্য করতে পারব’ - বলেছেন সিডন্স।

ক্রিকেট আর ক্রিকেটারদের উন্নতিতে তো কাজ করবেনই, বাংলাদেশে এসে আরেকটা পরিকল্পনাও আছে সিডন্সের—গলফে আরেকটু হাত পাকাবেন। বাংলাদেশে আগের অভিজ্ঞতা থেকে এখানে কোথায় গলফের কী সুযোগ-সুবিধা আছে, তা তো জানাই। সেটি মাথায় রেখেই সিডন্স ভিডিওতে বললেন, ‘গলফে আমার জড়তা কাটানোরও চেষ্টা করব সেখানে। ঢাকার কেন্দ্রেই দারুণ একটা গলফ কোর্স আছে। কাজের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যে সেখানে যাওয়ার ইচ্ছা আছে।’