কবে আসবে 'আগামী মৌসুম'?
নাঈমুর রহমান থেকে মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত পেয়েছে আট অধিনায়ক। একেকজনের সাফল্য-ব্যর্থতা একেক রকম। তবে আট অধিনায়কেরই একটা জায়গায় আছে দারুণ মিল। সবাই একই আক্ষেপ নিয়ে পার করেছেন অধিনায়কত্ব-জীবন!
সব অধিনায়কই হাহাকার করে গেছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য। প্রতিবছর, প্রায় প্রতি সিরিজ শেষে বলেছেন—এটির উন্নতি ছাড়া টেস্ট ক্রিকেটে উন্নতি অসম্ভব। অথচ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রায় সাড়ে ১৪ বছর পেরিয়ে গেলেও প্রথম শ্রেণির ক্রিকেটকাঠামোর কাঙ্ক্ষিত সেই ‘উন্নতি’ মরীচিকাই হয়ে আছে।
কিছু ব্যতিক্রম বাদ দিলে এই সময়ে একটার পর একটা টেস্টে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সিরিজ শেষে কাঠগড়ায় দাঁড়ানো অধিনায়কদের কথা গিয়ে মিলেছে একই মোহনায়—আগে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটকে ঠিক করতে হবে। নিশ্চিত করতে হবে স্পোর্টিং উইকেট। আনতে হবে পেশাদারি মানসিকতা, দায়িত্ববোধ, নিজের অঞ্চলের প্রতিনিধিত্ব করার গৌরব। প্রতিটি টেস্ট সিরিজ শেষে অধিনায়কেরা যেমন প্রথম শ্রেণির ক্রিকেটের দৈন্যদশা নিয়ে হাহুতাশ করে যান, বিসিবিও আশ্বাস দিয়ে যায়—আগামী মৌসুম থেকে সব ঠিক হয়ে যাবে। সেই আগামী মৌসুম আর আসে না। ঘরের মাঠে ২৪তম টেস্ট সিরিজ শেষেও তাই পুরোনো আক্ষেপ ক্রিকেটারদের কণ্ঠে। বিসিবির সাবেক-বর্তমান কর্মকর্তারা অবশ্য প্রতিবাদ করে বলতে পারেন, আমরা তো ভাই এককথার মানুষ। প্রতিবারই তো একই কথা বলি—‘আগামীবার’ হবে।
২০১১ সালের নভেম্বরে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২৯ রানের বিশাল হারের পর সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচ নিয়ে অনেক কথার ভিড়ে তাঁর আসল কথা ছিল, ‘আমরা চার দিনের ম্যাচ খুব একটা খেলার সুযোগ পাই না। যাঁরা খেলেন, বড় রান করতে পারেন না। এটি নিয়ে অবশ্যই ভাবতে হবে। আমরা ধারণা, এ কারণেই আমরা গত ১০ বছরে টেস্ট ক্রিকেটে সফল নই।’
মালদ্বীপে বিলম্বিত মধুচন্দ্রিমা কাটাতে যাওয়া মুশফিককে যদি মুঠোফোনে জিজ্ঞেস করেন, কেন টেস্ট ক্রিকেটে কাঙ্ক্ষিত উন্নতিটা আসছে না, নিশ্চয়ই আজও একই উত্তর দেবেন। শুধু ‘১০ বছরের’ জায়গায় বলবেন ‘সাড়ে ১৪ বছর’। বিসিবি দাবি করতে পারে, প্রথম শ্রেণির ম্যাচ কম হওয়ার অভিযোগ সঠিক নয়। এখন তো জাতীয় লিগের সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটের তালিকায় যোগ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগও (বিসিএল)! হ্যাঁ, বিসিএল যোগ হওয়ায় প্রথম শ্রেণির ম্যাচের সংখ্যা বেড়েছে। তবে তা কি টেস্ট ক্রিকেটের কঠিন জগতের জন্য ক্রিকেটারদের তৈরি করার মতো? জাতীয় দলের ক্রিকেটাররা কি খেলতে পারছেন বেশির ভাগ ম্যাচ?
ঘরোয়া ক্রিকেট পঞ্জিকায় জাতীয় লিগ, বিসিএলের সময়টাই এমন থাকে যে, ওই সময় জাতীয় দলের ক্রিকেটাররা হয় আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত, অথবা আন্তর্জাতিক ক্রিকেট খেলে ক্লান্ত। এবারের তৃতীয় বিসিএলের কথাই ধরুন। পাকিস্তান সিরিজের জন্য বেশির ভাগ ক্রিকেটারই খেলার সুযোগ পাননি প্রথম দুই পর্বের চার ম্যাচে। ২৪ মে থেকে শুরু হতে যাওয়া শেষ পর্বের দুই ম্যাচে অনেকে খেলতে পারেন। ভারতের বিপক্ষে আগামী মাসের টেস্টের আগে এটাই হবে তাদের ম্যাচ প্রস্তুতির মূল জায়গা। ‘ব্যক্তিগত কারণ’ বা দেশের বাইরে থাকায় অনেকে হয়তো খেলবেন না এই ম্যাচও।
ম্যাচের সংখ্যা বাড়ানোর বাইরেও প্রথম শ্রেণির ক্রিকেটে উন্নতির আরও জায়গা আছে। মানসম্মত উইকেট বানানো তার মধ্যে একটা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের প্রতিনিয়তই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হওয়ার প্রধান কারণ ঘরোয়া ক্রিকেটের উইকেট। এখানকার উইকেটে বোলারদের জন্য সাহায্য থাকার মানেই হলো স্পিনারদের হাসি, পেসারদের জন্য বোলিংটা সেখানে বড়ই ক্লান্তিকর। উইকেটে যেহেতু পেসারদের জন্য কিছুই থাকে না, প্রথম শ্রেণির ক্রিকেটে তারা বল করারও সুযোগ পায় তুলনামূলকভাবে কম। তৈরি হয় লম্বা স্পেল বা বেশি বোলিং করায় অনভ্যস্ততা এবং সেই দুর্বলতা হাঁ করে বেরিয়ে পড়ে টেস্ট ক্রিকেটে। কেউ একটু বেশি চাপ নিলেই চোটাঘাতে সংকটাপন্ন হয় ক্যারিয়ার। পেসারদের এমন দৈন্যদশার দেখা মিলেছে সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজেও।
দ্বিতীয় দফা আইপিএল খেলতে যাওয়ার আগের রাতে নিজের রেস্টুরেন্ট সাকিব’স ডাইনে বসে এসব নিয়েই কথা বলছিলেন সাকিব আল হাসান। নিজে স্পিনার হলেও সাকিব ঠিকই বুঝতে পারছেন এ দেশের পেসারদের কষ্টটা, ‘এখানে স্পিনাররা অনেকক্ষণ বল করতে পারে। কিন্তু পেসাররা চার দিনের ক্রিকেটে সর্বোচ্চ ৫-৬ ওভারের বেশি টানা বল করতে পারে না। উইকেটে সাহায্য না থাকলে স্বাভাবিকভাবেই ওরা মানসিকভাবে পিছিয়ে পড়ে।’ সাকিবের বিস্তারিত বিশ্লেষণ আরও গভীরে নিয়ে যায়, ‘পেসারদের জন্য ফিরে আসার চেষ্টা করাটাও কঠিন এখানে। মানসিক যে সমর্থনগুলো দরকার, সেগুলো থাকে না। যে ধরনের উইকেট হয়, একটা দলে হয়তো বা সর্বোচ্চ দুজন ফাস্ট বোলারই খেলে। আমার মনে হয় না, বিশ্বের আর কোথাও প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো দলে দুজন ফাস্ট বোলার খেলে। কমপক্ষে তিনজন তো খেলেই।’ তাঁর দৃঢ়বিশ্বাস, পেসারদের উর্বর জমিন দিতে পারলে সাফল্যের সোনা ফলাতে পারবে তারাও।
উইকেটে পেসারদের জন্য সুবিধা না থাকার অর্থ ব্যাটসম্যানদেরও গতিময় বা সুইং বোলিংয়ের বিপক্ষে খেলতে অনভ্যস্ততা তৈরি হওয়া। তামিম ইকবাল একবার বলছিলেন, টেস্ট দলে জায়গা পাওয়ার পর তাঁর মাথায় প্রথম যে চিন্তা এসেছিল, তা হলো ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বল কীভাবে খেলবেন! করুণ একটা হাসি দিয়ে বলেছিলেন, ‘বাকি সব দেশের ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলে সেঞ্চুরি করার কথা ভাবে, আর আমরা ভাবি কিনা সত্যিকার ফাস্ট বোলিং কীভাবে খেলব।’
অপ্রস্তুত উইকেটে স্পিনাররা ভূরি ভূরি উইকেট পান ঠিকই, কিন্তু তাঁদের কজন সেই মানের স্পিনার, তা নিয়ে বড় প্রশ্ন আছে। বাংলাদেশের বেশির ভাগ স্পিনারের বলই যে তেমন টার্ন করে না, এর মূল কারণ বল টার্ন করানোটা শেখাই হয় না তাঁদের। হাত ঘুরিয়ে বল ফেললেই যে অসমান বাউন্সের উইকেটে সাফল্য মেলে।
প্রথম শ্রেণির ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার একটি অপরিহার্য পূর্বশর্ত হলো, হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা। যেটি সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের যেমন দলের সঙ্গে একাত্মতা বাড়ায়, তেমনি খেলোয়াড়দের দায়বদ্ধতাও। মাঠ, সময়সংকট ও যাতায়াত সমস্যার কথা বলে এটিকে পাশ কাটানোর উপায় নেই। অতীতে তো এসব সমস্যা আরও বেশি ছিল। তখন জাতীয় লিগ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হতে পারলে এখন কেন নয়?
এসব নিয়ে প্রশ্ন করলেই বিসিবি থেকে উত্তর পাবেন, আগামী মৌসুম থেকে সব ঠিক হয়ে যাবে। সেই ‘আগামী মৌসুম’ যে কবে আসবে?