কবে ফিরবেন সাকিব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

•  ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পাওয়া সাকিব আল হাসান কবে ফিরবেন নিশ্চিত নয়।
•  সাকিবের অনুপস্থিতি ভীষণ অনুভব করছে বাংলাদেশ।
• শ্রীলঙ্কা কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বললেন, সাকিবের অনুপস্থিতি কিছুটা হলেও বিপাকে ফেলেছে বাংলাদেশকে।
•  সাকিবের জায়গায় নেওয়া হয়েছে তিন বিশেষজ্ঞ স্পিনার।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ফিরতে পারবেন সাকিব? ছবি: প্রথম আলো
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ফিরতে পারবেন সাকিব? ছবি: প্রথম আলো

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পাওয়া আঙুলটার ড্রেসিং হয়েছে আজ। সাকিব আল হাসানের ফিরতে কত দিন লাগবে, তবুও বলার উপায় নেই। চট্টগ্রাম তো গেছেই, ঢাকা টেস্টও তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। চোট থেকে শুধু সেরে ওঠাই নয়, পুনর্বাসন-প্রক্রিয়াও আছে। ঢাকায় খেলা না হলে টেস্টে সাকিবের ‘বিরতি’ আরও দীর্ঘ হবে।

গত সেপ্টেম্বরে টেস্ট থেকে ছয় মাসের বিরতি চেয়েছিলেন সাকিব। বিসিবি ছুটিটা দিয়েছিল শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। এ শ্রীলঙ্কা সিরিজেই তাঁর ফেরার কথা ছিল। এবার তো তাঁর উপলক্ষটা আরও বড় ছিল। ছয় বছর পর টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়েছেন। আঙুলের চোটে পড়ায় নেতৃত্বের দ্বিতীয় পর্বের যাত্রা শুরুটা হয়েও হলো না। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আর টেস্ট নেই বাংলাদেশের। টেস্টে সাকিবের ‘বিরতি’টা আরও লম্বা হচ্ছে।
চট্টগ্রামে না থাকলেও ঘুরে-ফিরে আজ এলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার এলেন বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে। এলেন প্রতিপক্ষের কোচ-অধিনায়কের কথাতেও। তাঁর জায়গায় তিন স্পিনার জায়গা পেলেও সাকিবের শূন্যতা যে পূরণ হওয়ার নয়, সেটিই বললেন সাকিবের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অভিষেক’ হতে যাওয়া মাহমুদউল্লাহ, ‘সাকিব আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তা বলাই বাহুল্য। সাকিবকে দলে না পাওয়া বড় ক্ষতি। দিন শেষে আপনাকে সব চ্যালেঞ্জ নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। আমাদের যে দলটা আছে, বিশ্বাস করি, যদি ইতিবাচক ক্রিকেট খেলি, সিদ্ধান্তগুলো সঠিক নিতে পারি ও সেগুলো কাজে লাগাতে পারি, ভালো একটি ফল হবে আশা করি।’
শ্রীলঙ্কা কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বললেন, সাকিবের অনুপস্থিতি কিছুটা হলেও বিপাকে ফেলেছে বাংলাদেশকে, ‘দুর্ভাগ্য (বাংলাদেশের) সাকিব নেই। তাদের জন্য কিছুটা হলেও অসুবিধা হয়েছে। নির্বাচকদের বেশ দ্বিধায় ফেলে দিয়েছে। দলের ভারসাম্য আনতে কয়েকজন স্পিনার ডেকেছে হয়তো এ কারণেই।’
শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল অবশ্য সাকিবের অনুপস্থিতি নয়, ভাবছেন নিজেদের খেলা নিয়েই, ‘সাকিব অসাধারণ খেলোয়াড়। দুর্ভাগ্যজনকভাবে শেষ ম্যাচে চোট পেয়েছে। দল হিসেবে এটা নিয়ে ভাবতে চাই না। আমাদের ভাবনা সিরিজ নিয়ে।’
ঠিকই তো, এটা নিয়ে শ্রীলঙ্কার ভাবতে বয়ে গেছে! উল্টো চিত্র বাংলাদেশ দলে—সাকিবের অনুপস্থিতি তারা অনুভব করছে প্রতিটি মুহূর্তে।