কবে ফিরবেন সোহাগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে নিয়মের বাধ্যবাধকতা ২১ দিনের মধ্যে পরীক্ষা করানোর। তবে আয়োজনটা যেহেতু করে আইসিসি, তারাই বলে দিয়েছে ১৯ সেপ্টেম্বর কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে পরীক্ষা করাতে। প্রশ্ন হচ্ছে, সোহাগ গাজী ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরবেন কবে?
বিসিবির একটি সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজে টিম ম্যানেজমেন্ট টি-টোয়েন্টি শেষেই পাঠিয়ে দিতে চায় সোহাগকে। আত্মবিশ্বাসে এমনিতেই বড় ধাক্কা লেগেছে। তার ওপর সোহাগের সব ধরনের বল নিয়েই যেহেতু সন্দেহ, চাকিংয়ের জন্য আম্পায়ারদের ‘নো’ ডাকার একটা শঙ্কাও থাকছে। সে ক্ষেত্রে টেস্টে না থাকা মাশরাফিদের সঙ্গেই ফিরতে পারেন সোহাগ। টিম ম্যানেজমেন্ট নাকি এর মধ্যে সোহাগের বিকল্পও চেয়ে পাঠিয়েছে।
তবে যত দিন সম্ভব, সোহাগকে ক্যারিবিয়ানে রেখে দেওয়ার পক্ষেও মত আছে কারও কারও। সমস্যা হলো ভিসা। ওয়েস্ট ইন্ডিজে থেকে ব্রিটিশ ভিসা নিতে হলে যেতে হবে বারবাডোজ। সেটা বেশ ঝামেলার ও সময়সাপেক্ষ ব্যাপার। ১৯ সেপ্টেম্বর পরীক্ষা করাতে হলে দেশে ফিরেই তাই ভিসা নিতে হবে সোহাগকে। সে ক্ষেত্রে ১৭ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া দ্বিতীয় টেস্ট নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না সোহাগের। ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত প্রথম টেস্টে খেলা হয়তো সম্ভব। কিন্তু ব্রিটিশ ভিসাপ্রাপ্তির সাম্প্রতিক দীর্ঘসূত্রতা ও ঝামেলা বিবেচনায় নিলে সেটিও বেশ ঝুঁকির হয়ে যাবে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শুধু জানালেন, পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে সোহাগের ব্যাপারে।