কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট?
কমনওয়েলথ গেমস শেষবারের মতো ক্রিকেট দেখেছিল ১৯৯৮ সালে। সেবার মালয়েশিয়ার কুয়ালালামপুর গেমসে অন্তর্ভুক্ত ছিল ছেলেদের ক্রিকেট। ২৩ বছর বিরতি দিয়ে কমনওয়েলথ গেমসে আবারও চলেছে ক্রিকেট আয়োজনের তোড়জোড়। ২০২২ সালে ডারবান কমনওয়েলথ গেমস কমিটিকে মেয়েদের ক্রিকেট রাখার অনুরোধ জানিয়েছে আইসিসি।
খুব স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি সংস্করণটাকেই প্রস্তাব করা হয়েছে কমনওয়েলথ গেমসের ক্রিকেটের জন্য। ১৯৯৮ সালে কুয়ালালামপুরের কমনওয়েলথ গেমসে অবশ্য ক্রিকেট হয়েছিল ৫০ ওভারের। খেলাগুলো পেয়েছিল লিস্ট ‘এ’ মর্যাদাও। গেমসে সোনার পদকের জন্য লড়েছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেবার সোনা জেতে প্রোটিয়ারা।
১৯৯৮ কমনওয়েলথ গেমসের ক্রিকেটে ১৬টি দেশ খেলেছিল চারটি গ্রুপে ভাগ হয়ে। গ্রপ ‘সি’তে বার্বাডোজ, উত্তর আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ছিল বাংলাদেশ। তখনো টেস্ট মর্যাদা না পাওয়া বাংলাদেশ খুব ভালো করতে পারেনি সেবারের কমনওয়েলথ গেমসে। প্রায় পূর্ণশক্তির দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হেরে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বার্বাডোজের কাছে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ। বার্বাডোজকে প্রথমে ১৬০ রানে আটকে দিয়েও নিজেরা ১৪৪ রানে থামে বাংলাদেশ। শেষ ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ১১৪ রানে হারটা ছিল বাংলাদেশের জন্য লজ্জাজনক অধ্যায়। নির্ধারিত ৫০ ওভারে উত্তর আয়ারল্যান্ড ১৭৭ রানে আটকে গেলেও বাংলাদেশ সে ম্যাচে গুটিয়ে যায় মাত্র ৬৩ রানেই।
২০২২ সালে কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্তির ব্যাপারটি এখনো গেমস কমিটির অনুমোদনের ব্যাপার হলেও এ ব্যাপারে কৌশলগত উদ্যোগের কথা জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তিনি বলেছেন, ‘বোর্ড এ ব্যাপারে কৌশলগত উদ্যোগ গ্রহণ করবে। কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট থাকলে এটি খেলাটার মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’ সূত্র: বিবিসি।