কমলা চশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৪তম। একটু এদিক-ওদিক হলেই অবনমনের শঙ্কা ঘিরে ধরবে। তবে তা যাতে না হয়, সেটি নিশ্চিত করতে চেষ্টার কমতি রাখছে না বোর্নমাউথ। সে জন্যই খেলোয়াড়দের দিচ্ছে কমলা রঙের বিশেষ ধরনের চশমা! অবনমনের সঙ্গে চশমার সম্পর্কটা একটু গোলমেলে। আবার বিজ্ঞানসম্মতও। এই চশমাটা বোর্নমাউথ খেলোয়াড়েরা পরবেন ঘুমোতে যাওয়ার দুই ঘণ্টা আগে থেকে। কেন? মোবাইল-ল্যাপটপের স্ক্রিন থেকে আসা নীল রশ্মির প্রভাব কাটিয়ে দেবে চশমাটি। ক্লাবের স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান ডক্টর ক্রেইগই ব্যাখ্যাটা দিলেন, ‘আমাদের অনেক খেলোয়াড়ই ঘুমানোর আগে হোটেলে টিভি দেখে বা কম্পিউটার গেমস খেলে। এতে বিছানায় যাওয়ার পর ঘুম আসে দেরিতে, যা মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলে।’ পরিমিত ঘুমের জন্যই এত কিছু! দ্য সান।
হাতের লেখা
তাঁর হাতের ঘূর্ণিজাদুতে বিশ্বের তাবৎ ব্যাটসম্যান অস্থির। নিজের হাতের একটি বিষয় নিয়ে অস্থিরতায় ভুগতেন অশ্বিন নিজেও। বোলার হিসেবে দারুণ সফল এই রবিচন্দ্রন অশ্বিন একটা জায়গায় হয়তো ‘পাস নম্বরই’ পেতেন না! তাঁর হাতের লেখা নাকি খুব বাজে। সে জন্য ছোটবেলায় মায়ের অনেক বকুনিও খেতে হয়েছে ভারতীয় অফ স্পিনারকে। কিন্তু বকুনি খুব একটা কাজ করতে পেরেছে বলে মনে হয় না। হাতের লেখাটা তাঁর আগের মতোই রয়ে গেছে। সবচেয়ে কম টেস্ট খেলে আড়াই শ উইকেট পাওয়া অশ্বিন সম্প্রতি নিজেই বলেছেন, হাতের লেখা তাঁর কখনোই ভালো ছিল না। এখনো সেই ছোটবেলার মতো বাজেই রয়ে গেছে। সূত্র: জি নিউজ।